Advertisement
E-Paper

বিশ্বকাপে অন্তত একটা শতরানের অনুরোধ করেছিলেন কোচ, মুখের উপর ‘না’ বলে দিয়েছিলেন সঞ্জু!

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচের তিনটিতেই শতরান করতে পারতেন সঞ্জু স্যামসন। কিন্তু দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সেই চেষ্টাই করেননি। রাখেননি ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের অনুরোধও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৩:৪৩
picture of cricket

সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সঞ্জু স্যামসনকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। শেষ তিনটি ম্যাচে ব্যাট হাতে দলকে জিতিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার। এই সঞ্জুই টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের একটি অনুরোধ মুখের উপর ফিরিয়ে দেন!

বিশ্বকাপের মাঝে সঞ্জুর সঙ্গে ‘দ্বন্দ্ব’ প্রকাশ্যে এনেছেন কোটাকই। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘সঞ্জু দুর্দান্ত ব্যাট করছিল। বড় রান করছিল। ওকে এক দিন ডেকে বললাম, অন্তত একটা শতরান করা উচিত তোমার। আমার কথা শুনে সঞ্জু একটু হাসল। তার পর বলেছিল, ‘এক দিকে আপনি বলছেন, ব্যক্তিগত মাইলফলকের কথা ভেবে খেলা যাবে না। আবার অন্য দিকে আপনিই বলছেন, আমার অন্তত একটা শতরান করা উচিত! দু’টো একসঙ্গে কী করে সম্ভব?’’’ তাঁর অনুরোধে সঞ্জু সরাসরি ‘না’ বললেও কেরলের ক্রিকেটারের মানসিকতায় মুগ্ধই হয়েছিলেন। আর কথাও বাড়াননি।

বিশ্বকাপের শুরুর দিকে ভারতের প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না সঞ্জু। সে সময় তাঁকে মানসিত ভাবে চাঙ্গা রাখার দায়িত্ব নেন কোটাক। সে প্রসঙ্গে ভারতীয় দলের ব্যাটিং কোচ বলেছেন, ‘‘সঞ্জুকে আমি বলতাম, সব সময় তৈরি থাকবে। কখন সুযোগ আসবে, কেউ জানে না। হয়তো কারও চোট লাগল বা কেউ ফর্ম হারালো। বা দলের ভারসাম্যের জন্য প্রয়োজন হল। দু’তিন দিন পর কী হবে, কেউ জানে না। যে কোনও কারণে তোমাকে দরকার হতে পারে। তাই তৈরি থাকবে সব সময়।’’ কী বলেছিলেন সঞ্জু? কোটাক বলেছেন, ‘‘ও খুবই অভিজ্ঞ ক্রিকেটার। হেসে আমায় বলেছিল, ‘আরে কোটসি ভাই, একদম চিন্তা করবে না। দলের যখনই প্রয়োজন হবে, তখনই কিছু না কিছু অবদান রাখার চেষ্টা করব।’’’

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ তিন ম্যাচে সঞ্জুর ব্যাট থেকে এসেছিল যথাক্রমে অপরাজিত ৯৭, ৮৯ এবং ৮৯ রান। তিনটি ম্যাচেই নিশ্চিত শতরান হাতছাড়া হয়েছিল তাঁর। তবু দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে খেলেছেন। ব্যাটিং কোচের অনুরোধ মতো একটি ম্যাচেও নিজের শতরান পূর্ণ করার কথা ভাবেননি সঞ্জু।

ICC T20 World Cup 2026 Sitanshu Kotak Sanju Samson century
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy