অস্ট্রেলিয়ার মাটিতে তিন ফরম্যাটের সিরিজ়ের শুরুটা ভালই করল ভারত। শনিবার টি-টোয়েন্টি সিরিজ়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল তারা। স্মৃতি মন্ধানা এবং জেমাইমা রদ্রিগেজ়ের অর্ধশতরানের সৌজন্যে ১৭ রানে জিতেছে তারা। ভাল খেলেছেন বোলারেরাও।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারতের শুরুটা ভাল হয়নি। তারা হারায় শেফালি বর্মাকে (৭)। চলতি সিরিজ়ে শেফালির খারাপ ফর্ম চলছেই। একটি ম্যাচেও তিনি বলার মতো রান করতে পারেননি। অফ স্টাম্পের বাইরে করা কিম গার্থের বলে উঁচু শট খেলতে গিয়েছিলেন শেফালি। অ্যানাবেল সাদারল্যান্ড ক্যাচ ধরেন।
সেখান থেকে ভারতের হাল ধরেন স্মৃতি এবং জেমাইমা। দ্বিতীয় উইকেটে তারা ১২১ রানের জুটি গড়েন। ষষ্ঠ ওভারে সোফি মোলিনিউকে তিনটি চার মারেন তারা। স্মৃতি বেশি আগ্রাসী মেজাজে ছিলেন। নবম ওভারে জর্জিয়া ওয়ারহামকে যে সুইপটি মারলেন তা দীর্ঘ দিন চোখে লেগে থাকার মতো। ১০ ওভারে ভারতের স্কোর ছিল ৮৬/১।
তৃতীয় ওভারে যে জুটির শুরু হয়েছিল, তা শেষ হয় ১৭তম ওভারে। ৫৫ বলে ৮২ রান করে আউট হন স্মৃতি। আটটি চার এবং তিনটি ছয় মেরেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটার হিসাবে তিনটি ফরম্যাটেই সর্বোচ্চ রান হল মন্ধানার। ৪৬ বলে ৫৯ করে ফেরেন জেমাইমা। তিনি চারটি চার মেরেছেন। চারে নেমে রিচা ঘোষ ৭ বলে ১৮ করেন। আর কেউ খেলতে পারেননি।
রান তাড়া করতে নেমে রেণুকা ঠাকুরের প্রথম ওভারেই ১৮ রান ওঠে। দ্বিতীয় ওভারে শ্রেয়াঙ্কা পাতিল তুলে নেন বেথ মুনিকে (৬)। এর পর অস্ট্রেলিয়া আর কোনও বলার মতো জুটি গড়তে পারেনি। জর্জিয়া ভল (১০), ফিবি লিচফিল্ড (২৬) রান পাননি। একা লড়াই করেন অ্যাশলে গার্ডনার (৫৭)। তবে তা যথেষ্ট ছিল না। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ১৫৯/৯ স্কোরে। ভারতের শ্রেয়াঙ্কা এবং শ্রী চরণী তিনটি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন:
ম্যাচের পর মন্ধানা বলেন, “অস্ট্রেলিয়ার মাটিতে ওদের হারানো দারুণ ব্যাপার। গোটা দলের জন্য খুশি। নিজেও অবদান রাখতে পেরেছি। জেমি নামার পর খুচরো রান নিয়ে সচল রেখেছি স্কোরবোর্ড। আমার মনে আছে, ২০১৬-তেও ওদের হারিয়েছিলাম। তবে এ বার অনেক দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ় খেললাম। তাই খুব ভাল লাগছে সিরিজ় জিততে পেরে।”