Advertisement
E-Paper

পড়াশোনার পাট চুকেছে বহু দিন, তা সত্ত্বেও প্রায় রাতে পরীক্ষায় ফেল করার স্বপ্ন দেখেন? এর গভীরে কী কারণ থাকতে পারে?

প্রায় সব মানুষই রাতে স্বপ্ন দেখেন। কিছু স্বপ্ন আছে যা ঘুমের মধ্যে ঘুরে-ফিরে আসে। একই ধরনের স্বপ্নের দেখা প্রায় রাতেই পেলে মনে নানা প্রশ্ন ভিড় করে আসে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৪
dreaming

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাস্তবের দুনিয়ায় যা সম্ভব নয়, আমাদের স্বপ্নের জগতে তা হামেশাই হয়। স্বপ্নের পৃথিবীতে অসম্ভব বলে কিছুই হয় না। ভাল বা খারাপ, মাঝেমধ্যে সব কিছুই হয় চূড়ান্ত পর্যায়ে গিয়ে। বিজ্ঞান বলে, স্বপ্নের দুনিয়ার সঙ্গে আমাদের অবচেতন মনে চলতে থাকা ভাবনাগুলির সম্পর্ক রয়েছে। শাস্ত্রও সেই বিষয়ে সম্মতি জানায়। আমাদের অবচেতন মনও যেমন বাধার তোয়াক্কা করে না, স্বপ্নের জগৎও অনেকটা সে রকমই। প্রায় সব মানুষই রাতে স্বপ্ন দেখেন। কিছু স্বপ্ন আছে যা ঘুমের মধ্যে ঘুরে-ফিরে আসে। একই ধরনের স্বপ্নের দেখা প্রায় রাতেই পেলে মনে নানা প্রশ্ন ভিড় করে আসে। সেই রকমই কিছু স্বপ্নের ব্যাখ্যা এই প্রতিবেদনে দেওয়া হল।

তাড়া খাওয়া: অনেক মানুষই স্বপ্নে কোনও মানুষ বা পশু তাঁকে তাড়া করছে দেখতে পান। শাস্ত্র জানাচ্ছে এই স্বপ্নের গভীর অর্থ রয়েছে। এই স্বপ্ন আমাদের নিজেদের জন্য বিশেষ বার্তা বহন করে আনে। স্বপ্নে কারও দ্বারা তাড়া খাওয়ার অর্থ ব্যক্তিগত জীবনে আমরা কোনও এমন বিষয় থেকে ছুটে বেড়াচ্ছি যেটা আমাদের করা উচিত হচ্ছে না। এর ফলে আমরাই পিছিয়ে পড়ছি। এই স্বপ্ন দেখলে নিজেদের কাজকর্ম নিয়ে সতর্ক হওয়া উচিত। যা এড়িয়ে চলছেন, সেটি যতই কঠিন হোক না কেন তার মুখোমুখি হওয়ার মনোভাব আনতে হবে।

উড়ে বেড়ানো: পাখির মতো আকাশে উড়ে বেড়ানোর ইচ্ছা অনেকের মনেই থাকে। বাস্তব জগতে তা সম্ভব না হলেও, ঘুমের মধ্যে বহু মানুষই উড়ে বেড়ানোর স্বপ্ন দেখেন। শাস্ত্র জানাচ্ছে এটি একটি শুভ স্বপ্ন। স্বপ্নে নিজেকে উড়তে দেখলে বুঝবেন আপনার মধ্যে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসছে। এর ফলে আসন্ন দিনে আপনি যে কোনও কাজ সাহসের সঙ্গে করে ফেলতে পারবেন। বহু দিন ধরে যা আপনাকে এগোতে বাধা দিচ্ছিল, সেই বন্ধন থেকে মুক্তি পাওয়ার ইঙ্গিত দেয় উড়ে বেড়ানোর স্বপ্ন।

ভিড়ের মাঝে নিজেকে নগ্ন দেখা: মনে অস্বস্তি সৃষ্টি করা স্বপ্নগুলির মধ্যে ভিড়ের মাঝে নিজেকে নগ্ন দেখার স্বপ্ন অন্যতম। তবে শাস্ত্র জানাচ্ছে এই স্বপ্ন আমাদের মনের গহীনে থাকা দ্বন্দ্বকেই তুলে ধরে। নিজের মতামত প্রকাশের ভয় বা লোকে কী বলবে এই ভাবনার ফলে কোনও কাজ না করার ফলে আমরা এমন স্বপ্ন দেখে থাকি। মনের মধ্যে থাকা দ্বিধাকে কাটিয়ে উঠতে পারলেই এই স্বপ্ন থেকে মুক্তি মিলবে।

পরীক্ষায় ফেল করা: পরীক্ষায় ফেল করার স্বপ্ন বহু মানুষই দেখে থাকেন। জীবনে ব্যর্থ হওয়ার ভয় বা উদ্বেগ এই স্বপ্নের জন্ম দেয়। জীবনে মাত্রাতিরিক্ত চাপ নিয়ে ফেললে আমাদের অবচেতন মনে নানা ভয় কাজ করতে থাকে। সেই কারণে ঘুমের মধ্যে আমরা ব্যর্থ হওয়ার স্বপ্ন দেখতে পাই।

তারকার সঙ্গে সাক্ষাৎ: পছন্দের তারকার দেখা পাওয়া, তাঁর সঙ্গে গল্প করার মতো স্বপ্নও বহু মানুষ দেখে থাকেন। এর নেপথ্যে রয়েছে নানা কারণ। এক হতে পারে সেই তারকার প্রতি আপনার টান এতটাই তাই তাঁকে নিয়ে আপনি স্বপ্ন দেখেছেন। এটি গেল সহজ কারণ। তবে এই স্বপ্ন দেখার নেপথ্যে একটা জটিল কারণও রয়েছে। কোনও মানুষ যখন তাঁর যোগ্য সম্মান পান না, তখনও স্বপ্নের দুনিয়ায় তিনি কোনও তারকার সঙ্গে দেখা করার মতো ঘটনা দেখেন বলে জানাচ্ছে শাস্ত্র।

Dream Astrology Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy