Advertisement
E-Paper

রোহিতদের বিশ্বকাপের দল নিয়ে ঝগড়া লেগে গেল ভারতের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে! কেন?

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পরে সেই দলের সমালোচনা করেছেন দিলীপ বেঙ্গসরকার ও মহম্মদ আজহারউদ্দিন। তাঁদের সমালোচনার আবার পাল্টা জবাব দিয়েছেন সুনীল গাওস্কর।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ ১২:২৬
(বাঁ দিক থেকে) মহম্মদ আজহারউদ্দিন, সুনীল গাওস্কর ও দিলীপ বেঙ্গসরকার।

(বাঁ দিক থেকে) মহম্মদ আজহারউদ্দিন, সুনীল গাওস্কর ও দিলীপ বেঙ্গসরকার। —ফাইল চিত্র

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পরে ঝগড়া লেগে গিয়েছে দেশের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে। দিলীপ বেঙ্গসরকার, মহম্মদ আজহারউদ্দিনের মতো কিছু প্রাক্তন ক্রিকেটার রোহিত শর্মাদের দলের সমালোচনা করেছেন। দলে শুভমন গিল, উমরান মালিক, শ্রেয়স আয়ারদের মতো তরুণ ক্রিকেটারকে নেওয়া উচিত ছিল বলে মত তাঁদের। বেঙ্গসরকার বা আজহারের মন্তব্যের সমালোচনা করেছেন আর এক প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর। তাঁর মতে, প্রাক্তন ক্রিকেটারদের উচিত দলের পাশে দাঁড়ানো। এই ধরনের মন্তব্য করে দলের মনোবল ভেঙে দিচ্ছেন তাঁরা।

প্রাক্তনদের সমালোচনা নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন গাওস্কর। তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করি, এই দল যদি ভাগ্যের একটু সাহায্য পায়, তা হলে ওরা বিশ্বকাপ জিততে পারে। আর এক বার দল নির্বাচন হয়ে গেলে সেটা আমাদের দল। তাই সেই দলের পাশে আমাদের থাকা উচিত। দলে কাকে নেওয়া হল, কাকে নেওয়া হল না সেই বিষয়ে আমাদের প্রশ্ন করা উচিত নয়। তাতে দলের মনোবলে আঘাত লাগতে পারে।’’

বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণার পরে আজহার বলেন, ‘‘মূল দল থেকে শ্রেয়স ও শামিকে বাদ দেওয়ায় আমি অবাক। দীপক হুডার জায়গায় শ্রেয়স ও হর্ষল পটেলের জায়গায় শামিকে নেওয়া উচিত ছিল।’’ দল নিয়ে মুখ খোলেন বেঙ্গসরকারও। তিনি বলেন, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আমি শুভমন গিল, উমরান মালিক ও শামিকে নিতাম। ওরা আইপিএলে খুব ভাল খেলেছে। টি-টোয়েন্টিতে ওদের লম্বা রেসের ঘোড়া ভাবা হলে এখন থেকেই ওদের সেই সুযোগ দেওয়া উচিত।’’ প্রাক্তন ক্রিকেটারদের এই মন্তব্যেই চটেছেন গাওস্কর।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেললেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টির পাশাপাশি এক দিনের সিরিজও খেলবেন রোহিত শর্মারা। এই সিরিজ দু’টিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছে ভারতীয় দল।

ICC T20 World Cup India Cricket Rohit Sharma Sunil Gavaskar Dilip Vengsarkar mohammad azharuddin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy