Advertisement
E-Paper

রোহিত ছুড়ছেন রং, বাসেই নাচ রঙিন বিরাটের! চতুর্থ টেস্টের আগে ভারতীয় দল মাতল রঙের উৎসবে

আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে নামার আগে ফুরফুরে মেজাজে ভারতীয় ক্রিকেটাররা। টিম বাসেই রঙের উৎসবে মাতলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৩ ২০:০৮
Picture of Indian cricketers celebrating Holi in team bus

আমদাবাদে চতুর্থ টেস্টের আগে বাসেই রং খেললেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। ছবি: টুইটার

আমদাবাদে বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে রঙের উৎসবে মাতল টিম ইন্ডিয়া। বাসেই রং খেললেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। রং মেখে নাচলেন বিরাট। গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ফুরফুরে মেজাজে ভারতীয় ক্রিকেটাররা।

বাসে রং খেলার ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শুভমন গিল। সেখানে দেখা যাচ্ছে, ক্রিকেটাররা সবাই রং মেখে রয়েছেন। সবার আগে শুভমন। তাঁর ঠিক পিছনেই বিরাট। মুখ, মাথা রঙে ভর্তি তাঁর। বাসে অমিতাভ বচ্চনের ছবির ‘রং বরসে’ গান হচ্ছে। তারই ছন্দে নাচছেন বিরাট। তখনই দেখা যায়, পিছন থেকে বিরাটের গায়ে রং ছোড়েন রোহিত। নিজের আসন থেকে উঠে আনন্দে মাততে দেখা যায় শ্রেয়স আয়ারকেও। ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘‘ভারতীয় দলের পক্ষ থেকে সবাইকে হোলির শুভেচ্ছা।’’

আমদাবাদেও পিচ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। খেলা শুরুর ৪৮ ঘণ্টা আগেও নাকি পুরো পিচ তৈরি হয়নি। গুজরাত ক্রিকেট সংস্থার এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, কী ধরনের পিচ তৈরি করা উচিত তা নিয়ে সংশয়ে ভারতীয় ক্রিকেট দল। তাই এখনও দলের তরফে তাঁদের কাছে কোনও নির্দেশ আসেনি। সেই কারণে পিচ তৈরি করতে সময় লাগছে। ওই আধিকারিক বলেছেন, ‘‘আমরা এখনও ভারতীয় ম্যানেজমেন্টের কাছ থেকে কোনও নির্দেশ পাইনি। তাই আমাদের পিচ প্রস্তুতকারকরা সাধারণ পিচ তৈরি করছে। গোটা মরসুমে এখানে যেমন পিচ হয় তেমনই পিচ তৈরি হচ্ছে।’’

সাধারণত, কোনও মাঠে খেলার আগে সেখানে পিচ তদারকি করেন বোর্ডের পিচ প্রস্তুতকারক। সেই তদারকি অবশ্য চলছে। ওই আধিকারিক বলেছেন, ‘‘বোর্ডের পিচ প্রস্তুতকারক নির্দেশ দিচ্ছেন। কিন্তু আমরা চেষ্টা করছি এমন পিচ তৈরি করতে যেখানে ভাল টেস্ট হয়।’’

ইনদওর টেস্টের আগে রোহিত শর্মা জানিয়েছিলেন, তৃতীয় টেস্ট জিতলে চতুর্থ টেস্টে পেস সহায়ক উইকেট চান তাঁরা। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্যই সে কথা বলেছিলেন রোহিত। কিন্তু ইনদওরে তৃতীয় টেস্ট হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এখনও উঠতে পারেনি ভারত। তাই চতুর্থ টেস্টে কি পেস সহায়ক উইকেট দেখা যাবে? নাকি আগের তিন টেস্টের মতো ঘূর্ণি উইকেট হবে? এই দোটানায় হয়তো আছেন রোহিতরা।

পিচ নিয়ে যত বিতর্কই হোক না কেন গুরুত্বপূর্ণ টেস্টে নামার আগে ভারতীয় দল যে ফুরফুরে মেজাজে রয়েছে তা দেখিয়ে দিল দলের এই ভিডিয়ো। খোলা মনেই শেষ টেস্টে খেলতে নামতে চাইছেন বিরাট, রোহিতরা।

Team India Holi celebration India vs Australia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy