বিশ্বকাপের আগে ধোঁয়াশা বাড়ছে ভারতীয় দলে। আর সেই ধোঁয়াশা তৈরি হয়েছে চোট নিয়ে। চোট পেয়ে বেশ কিছু দিন ধরে মাঠের বাইরে রয়েছেন স্পিনার-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছেন হর্ষিত রানা। দুই ক্রিকেটারের চোট কতটা সেরেছে, তা নিয়ে নাকি কোনও তথ্যই নেই ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর ও প্রধান কোচ গৌতম গম্ভীরের কাছে।
‘ক্রিকবাজ়’ জানিয়েছে, আপাতত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন সুন্দর। তিনি কতটা সুস্থ হয়েছেন, বা কবে থেকে মাঠে নামতে পারবেন সে বিষয়ে আগরকরদের কাছে কোনও তথ্য এসে পৌঁছোয়নি। নির্বাচকেরা ও গম্ভীর অপেক্ষা করছেন, কবে সেই তথ্য আসবে। যত ক্ষণ না সুন্দরের চোটের তথ্য জানা যাচ্ছে, তত দিন বিশ্বকাপের দল নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে চোট পেয়েছিলেন সুন্দর। তার পর থেকে ক্রিকেটের বাইরে তিনি। জানা গিয়েছে, সুন্দরের চোট যতটা তাড়াতাড়ি সারবে বলে চিকিৎসকেরা ভেবেছিলেন, তার থেকে বেশি সময় লাগছে। রিপোর্টে বলা হয়েছে, নির্বাচকেরা কত দিন অপেক্ষা করবেন তা জানা যায়নি। কিন্তু আপাতত সুন্দরের পরিবর্ত নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না তাঁরা। পুরো সিদ্ধান্ত নির্ভর করছে সেন্টার অফ এক্সেলেন্সের চিকিৎসকদের রিপোর্টের উপর।
আরও পড়ুন:
বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাত্র এক ওভার বল করে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন হর্ষিত রানা। তাঁর চোট কতটা গুরুতর সেই বিষয়েও নাকি নির্বাচকদের কাছে কোনও তথ্য নেই। হর্ষিতের চোট কতটা গুরুতর তা জানেন না আগরকরেরা। ফলে সব মিলিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে ভারতীয় দলে।
তবে জানা গিয়েছে, খুব বেশি দিন সুন্দরের জন্য অপেক্ষা করা হবে না। আপাতত গ্রুপ পর্বের ম্যাচে ভারতের প্রথম একাদশ মোটামুটি তৈরি থাকায় সুন্দরকে লাগবে না। কিন্তু নক আউটে প্রয়োজন পড়তে পারে। ফলে খুব বেশি হলে গ্রুপ পর্ব পর্যন্ত অপেক্ষা করবেন নির্বাচকেরা। তার মধ্যে সুন্দর সুস্থ হয়ে মাঠে না নামতে পারলে তাঁর পরিবর্তে ১৫ জনের দলে অন্য ক্রিকেটার নেওয়া হবে। সেই ইঙ্গিতই পাওয়া গিয়েছে রিপোর্টে।