দল ফাইনালে না উঠলেও আইপিএলের ফাইনালের দিন মাঠে উপস্থিত ছিল বৈভব সূর্যবংশী। ব্যক্তিগত পাঁচটি পুরস্কার নিতে হাজির হয়েছিল সে। আইপিএল না জিতলেও এ বারের আইপিএলের সবচেয়ে বড় তারকা হয়ে উঠেছে বৈভব। আইপিএলে ভাল খেলায় ভারতের সিনিয়র দলেও জায়গা করে নিয়েছে সে। ফাইনালের দিন মাঠে বিরাট কোহলি ও জয় শাহের সঙ্গে কথা হয় বৈভবের। ১৫ বছরের ক্রিকেটারের স্বপ্নপূরণ করে দিয়েছেন কোহলি।
রাজস্থান রয়্যালসের পোস্ট করা এক ভিডিয়োতে সে দিনের অভিজ্ঞতার কথা জানিয়েছে বৈভব। সে বলেছে, “আমি সত্যি বলছি। আমি বিরাট ভাইয়ের খুব বড় ভক্ত। আগে আরসিবির সমর্থক ছিলাম। বিরাট ভাই যখন আমার কাঁধে হাত রেখে কথা বলছিল, মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। আমার স্বপ্নপূরণ হয়েছে।”
এত বড় মাপের ক্রিকেটার হওয়ার পরেও কোহলি যে ভাবে তাঁকে মনের কথা বলেছেন, ভবিষ্যতের পরামর্শ দিয়েছেন তাতে অবাক বৈভব। সে বলেছে, “যে ভাবে বিরাট ভাই কথা বলছিল, দেখে মনে হচ্ছিল না এত বড় তারকা কথা বলছে। মনে হচ্ছিল দাদা তার ভাইকে বোঝাচ্ছে। বিরাট ভাই বলেছে, আমি ভাল খেলছি। কিন্তু আরও ভাল খেলতে হবে। আরও উন্নতি করতে হবে। সব কথা আমি মাথায় রেখেছি।”
কোহলি ও বৈভবের মধ্যে কী কথা হয়েছিল, তার ভিডিয়ো আগেই পোস্ট করেছিল আরসিবি। সেখানে অবশ্য বৈভব শুধুই শ্রোতার ভূমিকায়। কোহলি তাকে ডেকে বলেন, “এখান থেকে আরও উঁচুতে যেতে হবে। যা হয়েছে তা কঠিন পরিশ্রম ও আত্মবিশ্বাসের জন্য হয়েছে। কে কী বলছে, কী ভাবে বলছে, তা শুনবে না। খালি তুমি আর তোমার ব্যাট। বাকি সব ভুলে যাও।”
বৈভব বিহারের ছেলে। সেখানকার একটি বহু ব্যবহৃত লাইন টেনে কোহলি বলেন, “একজন বিহারি সকলকে হারিয়ে দেবে। ব্যস, গল্প শেষ।” সে কথা শুনে হেসে ফেলে বৈভব। কোহলির কথা থেকে স্পষ্ট, বৈভবকে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আরও উন্নতি করতে বলেছেন। কোহলি জানেন, বৈভব আগামী দিনে ভারতীয় ক্রিকেটের মুখ হয়ে উঠতে পারে। তাই ১৫ বছরের ক্রিকেটারকে ভবিষ্যতের শিক্ষা দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
কোহলির সঙ্গে কথা হওয়ার আগে গ্যালারিতে জয় শাহের পাশে বসে থাকতে দেখা যায় বৈভবকে। সেই অভিজ্ঞতার কথাও জানিয়েছে বৈভব। রাজস্থানের ক্রিকেটারের কথায়, “জয় স্যর যখনই আমাকে দেখেন, কথা বলেন। অনেক কিছু বোঝান। উনি বলেন, আমাকে মনঃসংযোগ ধরে রাখতে হবে। অনেক দূর যেতে হবে। পা মাটিতে রেখে এগোতে হবে। সে দিনও এই কথাই বলছিলেন। এই সব কথা আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।”
আইপিএলে ভাল খেলায় ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ় এবং এশিয়া কাপের দলে জায়গা পেয়েছে বৈভব। ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছেন, বৈভব নিজেই নিজের জায়গা করে নিয়েছে। তিনি বলেন, “আমরা দেখেছি ও কেমন খেলে। আইপিএলের প্লে-অফের কার্যত একার হাতে রাজস্থানকে টেনে নিয়ে গিয়েছে। অত্যন্ত চাপের মধ্যেও ওর মতো তরুণ ক্রিকেটার যে ভাবে খেলেছে, তাতে একার হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। খুবই প্রশংসনীয়।”
আগরকর আরও বলেন, “এই মরসুমে বা তার আগে ও কত ভাল খেলেছে সেটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। গত মরসুমের শুরুটা দুর্দান্ত হয়েছিল ওর। অত্যন্ত চাপের এবং লড়াকু প্রতিযোগিতায় ভাল খেলেছে ও। দেখিয়ে দিয়েছে কতটা বিধ্বংসী খেলতে পারে। বৈভবকে নিয়ে অনেক আশা রয়েছে আমাদের। ও নিজেই নিজেকে বেছে নিয়েছে।”