Advertisement
E-Paper

নেই শামি, বাদ বিশ্বকাপের ভরসা ঈশানও, দু’ধাপ নামিয়ে দেওয়া হচ্ছে কোহলি-রোহিতকে! বোর্ডের নতুন চুক্তিতে ৩০ ক্রিকেটার কারা

সরকারি ভাবে ঘোষণা না হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরি। এ বারের তালিকায় জায়গা হয়নি বাংলার দুই ক্রিকেটার মহম্মদ শামি এবং মুকেশ কুমারের। জায়গা পাননি ঈশান কিশনও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৮
picture of cricket

(বাঁ দিক থেকে) মহম্মদ শামি, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ঈশান কিশন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা এখনও প্রকাশ করেনি। তবে ২০২৫-২৬ মরসুমের চুক্তির জন্য প্রাথমিক তালিকা হয়ে গিয়েছে। মোট ৩০ জন ক্রিকেটারের নাম রয়েছে তালিকায়। বোর্ডের সিদ্ধান্ত মতো ‘এ+’ ক্যাটেগরি থাকছে না এ বার। বাংলার দুই ক্রিকেটার মহম্মদ শামি এবং মুকেশ কুমার এ বার জায়গা পাচ্ছেন না। তালিকায় নাম নেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ভরসা ঈশান কিশনেরও।

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআইয়ের চুক্তিতে গুরুত্ব অনেকটাই কমছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার। এক দিন তাঁরা ছিলেন ‘এ+’ ক্যাটেগরিতে। দুই সিনিয়র ক্রিকেটারের এ বার জায়গা হচ্ছে না ‘এ’ ক্যাটেগরিতেও। টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া দুই সিনিয়র ব্যাটারকে রাখা হবে ‘বি’ ক্যাটেগরিতে। জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের মতামত গুরুত্ব পেয়েছে কেন্দ্রীয় চুক্তির ক্ষেত্রে।

সর্বোচ্চ ‘এ’ ক্যাটেগরিতে থাকবেন তিন জন। তাঁরা হলেন শুভমন গিল, রবীন্দ্র জাডেজা এবং জসপ্রীত বুমরাহ। ‘বি’ ক্যাটেগরিতে থাকতে পারেন মোট ১১ জন। কোহলি-রোহিতের সঙ্গে নাম থাকতে পারে লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আয়ারের।

‘সি’ ক্যাটেগরিতে থাকবেন ১৬ জন ক্রিকেটার। তাঁরা হলেন অক্ষর পটেল, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, শিবম দুবে, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশদীপ, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রবি বিশ্নোই এবং রুতুরাজ গায়কোয়াড়।

মহিলা ক্রিকেটারদের ক্ষেত্রেও থাকছে তিনটি ক্যাটেগরি। ‘এ’ ক্যাটেগরিতে নাম রয়েছে হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা এবং জেমাইমা রদ্রিগজ়ের। জেমাইমাকে প্রথম বার ‘এ’ ক্যাটেগরিতে রাখা হল। ‘বি’ ক্যাটেগরিতে রয়েছেন রেণুকা ঠাকুর, শেফালি বর্মা, রিচা ঘোষ এবং স্নেহ রানা।

মহিলাদের ‘সি’ ক্যাটেগরিতে নাম রয়েছে রাধা যাদব, আমনজ্যোৎ কৌর, প্রতীকা রাওয়াল, ক্রান্তি গৌড়, উমা ছেত্রী, অরুন্ধতী রেড্ডি, শ্রী চরণী, যষ্ঠিকা ভাটিয়া, হরলিন দেওল, কাশভি গৌতম, জি কমলিনী, বৈষ্ণবী শর্মা এবং তেজল হাসবনিসের।

তালিকায় না থাকলেও বছরের যে কোনও সময় চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারেন যে কোনও ক্রিকেটার। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ খেললে চুক্তির আওতায় আসা যায়। সেই হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পেতে পারেন ঈশান।

BCCI Virat Kohli Rohit Sharma Mohammed Shami Ishan Kishan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy