Advertisement
E-Paper

শখের ক্যামেরা নিয়ে বেড়াতে যাচ্ছেন, কী ভাবে তা প্যাকিং করে নিয়ে যাবেন! জেনে রাখুন

নতুন কেনা শখের ডিএসএলআর ক্যামেরা নিয়ে বেড়াতে যাবেন? ক্যামেরা কী ভাবে প্যাকিং করবেন? সঙ্গে আর কী রাখা দরকার?

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৩

ছবি: সংগৃহীত।

নতুন কেনা ডিএসএলআর নিয়ে প্রথমবার ভ্রমণ! মনে উত্তেজনা, সেই সঙ্গে ভয়ও! শখের জিনিসটিকে নিয়ে যেতে হবে সাবধানে। ধাক্কা লাগলে চলবে না। কিন্তু সেটিকে ব্যাগে ভরবেন কী ভাবে? শুধু ক্যামেরা নিলেই তো হল না। চার্জার, অতিরিক্ত ব্যাটারি, মেমরি কার্ড, ট্রাইপড-সহ একগাদা জিনিসও নিতে হবে সঙ্গে। কয়েকটি কৌশল মাথায় রাখলেই কাজ সহজ হবে।

১। ডিএসএলআর ক্যামেরার বডি থেকে লেন্সগুলি আলাদা করে নিন। বডির লেন্সের অংশটি নির্দিষ্ট ঢাকা দিয়ে বন্ধ করে দিন। লেন্সগুলিও আঘাত থেকে বাঁচানোর জন্য যে বাবল র‌্যাপ পাওয়া যায় তাতে মুড়ে নিন।

২। ক্যামেরার সঙ্গে দেওয়া নির্দিষ্ট ব্যাগের বদলে সেটি ট্রলি বা পিঠের ব্যাগে ভরে নিয়ে যেতে চাইলে দরকার পড়বে বিশেষ ক্যামেরা ব্যাগের। প্যাড দেওয়া একাধিক খাপ-যুক্ত ব্যাগ পাওয়া যায় যেখানে ক্যামেরার মূল বডি, লেন্স আলাদা খাপে ভরে নেওয়ার জায়গা থাকে। এই ধরনের ব্যাগের পাশে চেন থাকে যেখানে ব্যাটারি, মেমরি কার্ডের মতো কিছু জিনিস ভরে ফেলা যায়।

৩। ক্যামেরার জন্য বিভিন্ন রকম ট্রাইপড বা স্ট্যান্ড পাওয়া যায়, যার মধ্যে অনেকগুলি আবার ভাঁজ করে ছোট করে ফেলা যায়। তেমন স্ট্যান্ড নিয়ে নির্দিষ্ট ব্যাগে ভরে ফেলুন।

৪। বৃষ্টিপ্রবণ এলাকায় বেড়াতে গেলে ক্যামেরার সঙ্গে সিলিকা জেলের প্যাকেট রাখুন। আর্দ্রতায় লেন্সের ক্ষতি হতে পারে। সিলিকা অতিরিক্ত আর্দ্রতা শুষে নেবে।

৫। সঙ্গে অবশ্যই নরম ব্রাশ রাখুন। সৈকত শহরে বা অরণ্যে বেড়াতে গেলে লেন্সে ধুলো-ময়লা পড়বেই। ব্রাশের সাহায্যে লেন্স থেকে হালকা ধুলো ঝেড়ে নিন।

৬। বর্ষার মরসুম না হলেও আচমকা বৃষ্টি আসতেই পারে। আবার জলপ্রপাতের ধারে গেলে ছিটকে আসা জলকণায় ক্যামেরা ভিজে যেতে পারে। এমন জায়গায় ক্যামেরা বাঁচাতে জলনিরোধী কভার বা ঢাকনা সঙ্গে রাখুন। এতে বৃষ্টি বা জলপ্রপাতের ছবি তোলার সময় ক্যামেরা বাঁচানো সম্ভব হবে।

Camera Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy