Advertisement
E-Paper

‘আর রেকর্ডের পিছনে ছুটি না!’ কেকেআরের বিরুদ্ধে ন’টি নজির গড়ে জানালেন কোহলি, এখন শুধু একটিই লক্ষ্য বিরাটের

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শতরানের ইনিংসে ন’টি নজির গড়েছেন বিরাট কোহলি। কিন্তু এখন আর রেকর্ডের কথা তিনি ভাবেন না। ভালবাসেন শুধু ব্যাট করতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৩:০১
cricket

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

এখনও রান তাড়া করতে নামলে তিনিই ‘চেজ়মাস্টার’। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শতরান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জিতিয়েছেন বিরাট কোহলি। হয়েছেন ম্যাচের সেরা। কিন্তু এখন আর রেকর্ডের কথা ভাবেন না কোহলি। ভালবাসেন শুধু ব্যাট করতে।

বেঙ্গালুরুকে জিতিয়ে নিজের মনের কথা জানিয়েছেন কোহলি। তিনি বলেন, “আর রেকর্ড নিয়ে ভাবি না। শুধু ব্যাট করতে ভালবাসি। এই স্তরে খেলা গর্বের। বিশ্বের সেরাদের বিরুদ্ধে মাঠে নামছি। সারা জীবন এটাই করেছি। ক্রিকেটকে ভালবেসেছি। সেই ভালবাসা থেকেই এখনও লড়ছি। এখন ব্যাট করাই আমার লক্ষ্য। যত দিন পারব, ব্যাট করব।”

৩৭ বছর বয়সি কোহলি জানেন, কেরিয়ারের শেষ দিকে এসে পৌঁছেছেন তিনি। তাই যতটা সম্ভব উপভোগ করতে চাইছেন তিনি। কোহলি বলেন, “নিজের মনপ্রাণ দিয়ে খেলছি। ব্যাট করতে নামি, বা ফিল্ডিং করি, নিজের ১০০ শতাংশ দিচ্ছি। জানি, এক দিন সব শেষ হয়ে যাবে। তাই প্রতিটা দিন কাজে লাগাতে চাই। নিজেকে উপভোগ করতে চাই।”

গত দু’ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। তাই এই ম্যাচে প্রথম রান নিয়েই উল্লাস করেন তিনি। তার কারণও জানিয়েছেন কোহলি। তিনি বলেন, “পিছনে ফিরে তাকালে বোঝা যাবে, ব্যর্থতারও গুরুত্ব রয়েছে। ব্যর্থতার কারণেই সকলে সাফল্যের জন্য আরও বেশি পরিশ্রম করে। ব্যর্থতার জন্যই সাফল্য উপভোগ করা যায়। চাপের মধ্যে খেলতে আমার বরাবর ভাল লাগে। চাপের মধ্যেই আমার সেরাটা বেরিয়ে আসে। এই ম্যাচেও শুরুতে চাপে ছিলাম। তাই প্রথম রান নিয়ে অতটা অনন্দ পেয়েছিলাম। ধীরে ধীরে চাপ কেটে গেল।”

এই ম্যাচে ন’টি নজির গড়েছেন কোহলি। তার মধ্যে কয়েকটি বিশ্বরেকর্ডও। সেগুলি হল—

১) কেকেআর ম্যাচে টি২০-তে নিজের দশম শতরান করেছেন কোহলি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যা সর্বাধিক। বিশ্ব ক্রিকেটে ক্রিস গেল (২২), বাবর আজ়ম (১৩) ও ডেভিড ওয়ার্নারের (১০) পরেই রয়েছেন তিনি।

২) টি২০ ক্রিকেটে ১৪,০০০ রানের মালিক হয়েছেন কোহলি। মাত্র ৪০৯ ইনিংসে এই রান করেছেন তিনি। বিশ্ব ক্রিকেটে দ্রুততম ১৪,০০০ রান করেছেন কোহলি। ভেঙেছেন ক্রিস গেলের রেকর্ড। ১৪,০০০ রান করতে ৪২৩ ইনিংস লেগেছিল গেলের।

৩) আইপিএলে সবচেয়ে বেশি ন’টি শতরান করেছেন কোহলি। দ্বিতীয় স্থানে রয়েছেন জস বাটলার (৭)। এই ন’টি শতরানের মধ্যে তিনটি এসেছে রান তাড়া করতে নেমে।

৪) আইপিএলে কেকেআরের বিরুদ্ধে নিজের ২৭৯তম ম্যাচ খেলতে নেমেছিলেন কোহলি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি। ছাপিয়ে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মা। ধোনি ও রোহিত দু’জন ২৭৮টি করে ম্যাচ খেলেছেন।

৫) আইপিএলে ২১ বার ম্যাচের সেরা হয়েছেন কোহলি। রোহিতের সঙ্গে যুগ্ম ভাবে তিন নম্বরে রয়েছেন তিনি। তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন যথাক্রমে এবি ডিভিলিয়ার্স (২৫ বার) ও ক্রিস গেল (২২ বার)।

৬) আইপিএলে সফল রান তাড়া করার ক্ষেত্রে ১০ বার অর্ধশতরানের জুটি হয়েছে কোহলি ও দেবদত্ত পড়িক্কলের মধ্যে। এটি রেকর্ড। দু’জনের ব্যাটে ভর করে ১৪ ম্যাচ জিতেছে আরসিবি। এই ১৪ ম্যাচে ১০৩৫ রান করেছেন তাঁরা। চার বার শতরানের জুটি গড়েছেন দুই ব্যাটার।

৭) কেকেআরের বিরুদ্ধে মিড উইকেট এলাকায় ৪৬ রান করেছেন কোহলি। আইপিএলে এই প্রথম কোনও ম্যাচে মিড উইকেট এলাকায় এত রান করেছেন তিনি।

৮) রায়পুরে ৩৩ ম্যাচের মধ্যে কোহলির অপরাজিত ১০৫ রান সর্বাধিক। এর আগে ২০১৪ সালে এই মাঠে ১০১ রান করেছিলেন কেন উইলিয়ামসন। সেই রেকর্ড ভেঙেছেন কোহলি।

৯) কোহলিই প্রথম ব্যাটার, যিনি আইপিএলের পর পর দু’ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর তৃতীয় ম্যাচে শতরান করেছেন। দু’ম্যাচে শূন্য রান করার পর তৃতীয় ম্যাচে শতরান আরও পাঁচ ব্যাটার করেছেন। তাঁরা হলেন, ডেভিড ওয়ার্নার (২০১১), রাইলি রুসো (২০২২), রোহিত শর্মা (২০২৪), সঞ্জু স্যামসন (২০২৪) ও হাসান নওয়াজ় (২০২৫)। তবে আইপিএলে এই ঘটনা প্রথম ঘটল।

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
Virat Kohli RCB KKR
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy