কলকাতা ছেড়ে দেশের উদ্দেশে চার্টার্ড বিমানে রওনা দিতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারেরা। মঙ্গলবার দুপুরে আইসিসির আয়োজনে শহর ছাড়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। একই বিমানে জোহানেসবার্গ পর্যন্ত উড়ে যেতেন ক্রিকেটারেরা। কিন্তু নিরাপত্তার কারণে সেই বিমান বাতিল করতে হয়েছে।
সোমবার রাতে আইসিসির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার দুপুরে চার্টার্ড বিমানে দু’দেশের ২৪ জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ জোহানেসবার্গ রওনা দেবে। হোটেল থেকে দু’দলের বেরিয়ে যাওয়ার কথা ছিল সকাল ১১টায়। কিন্তু মঙ্গলবার সকালে খবর আসে, বিমান বাতিল। যদিও দক্ষিণ আফ্রিকার ৩ জন ক্রিকেটার রাতের বিমানে দেশে ফিরবেন। শিমরন হেটমায়ারদের যদিও ফেরা হচ্ছে না। বিমান বাতিলের কারণ এখনও পরিষ্কার নয়।
মঙ্গলবার আইসিসির একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘‘ওয়েস্ট ইন্ডিজ় এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার জন্য আলাদা বাণিজ্যিক উড়ানের ব্যবস্থা করেছে আইসিসি। নিয়ামক সংস্থার চেয়ারম্যান জয় শাহ ক্রিকেটারদের সুরক্ষিত ভাবে দেশে ফেরার আশ্বাস দিয়েছেন।’’ সেই সূত্র আরও জানিয়েছে, ‘‘ওয়েস্ট ইন্ডিজ়ের কোচ ড্যারেন স্যামি সোমবার রাতেই দেশে ফেরার বিমানে উঠেছেন।’’ এ দিকে ৯ দিন ভারতে শেই হোপরা আটকে থাকায় বিরক্ত ওয়েস্ট ইন্ডিজ় বোর্ড বিবৃতিতে জানিয়েছে, আইসিসিকে তাঁরা চার্টার্ড বিমানে ক্রিকেটারদের দেশে ফেরানোর ব্যবস্থা থেকে সরে আসার পরামর্শ দিয়েছে। যেহেতু চার্টার্ড বিমানে দেশে ফেরার ব্যবস্থা এখনও নিশ্চিত করা যাচ্ছে না। তাৎপর্যপূর্ণ বিষয় হল, গত শনিবার আকাশপথ আংশিকভাবে খোলার পর সবার আগে ভারত থেকে লন্ডনের বিমান পেয়েছে ইংল্যান্ড। যা নিয়ে আবার বিতর্কও হয়েছে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ফের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘সব দলকেই সমান চোখে দেখা উচিত।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)