আফগানিস্তানের বিরুদ্ধে এক মাত্র টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত। শতরান করলেন লোকেশ রাহুল এবং শুভমন গিল। সাই সুদর্শন, ঋষভ পন্থদেরও ব্যাট হাতে সাবলীল দেখিয়েছে নিউ চণ্ডীগড়ের ২২ গজে। আফগানিস্তানের বোলারেরা ভারতীয়দের তেমন সমস্যায় ফেলতে পারলেন না।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শুভমন। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রাহুল ধীরে শুরু করেন। লেগ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে আউট হলেন যশস্বী (২৪)। রাহুল দু’বার বেঁচে গিয়েছেন আফগান ক্রিকেটারদের অনভিজ্ঞতার সুযোগে। ভারতীয় ইনিংসের ১১তম ওভারে জ়িয়াউর রহমান শরিফির অফস্টাম্পের বাইরের বল রাহুলের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক আফসার জ়াজ়াইয়ের কাছে। তিনি ক্যাচ ধরার পর আউটের আবেদন করেন আফগান ক্রিকেটারেরা। কিন্তু আম্পায়ার আউট দেননি। রাহুলও এমন ভাব করেন, যেন বল তাঁর ব্যাটে লাগেনি। প্রথম স্লিপে ফিল্ডিং করা রহমানুল্লাহ গুরবাজ় অবশ্য ডিআরএস নেওয়ার কথা বলেন অধিনায়ক হাসমতুল্লা শাহিদিকে। কিন্তু আফগানিস্তানের অন্য ক্রিকেটারেরা তেমন আত্মবিশ্বাসী না থাকায় রিভিউ নেননি শাহিদি। ফলে বেঁচে যান রাহুল। পরে রিপ্লেতে দেখা যায় ভারতীয় ওপেনার পরিষ্কার আউট ছিলেন। ১৬তম ওভারেও রাহুলের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন করেননি আফগান ক্রিকেটারেরা। এ ক্ষেত্রেও আউট হতে পারতেন তিনি।
দু’বার জীবন পেয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন রাহুল। একই সঙ্গে তাঁর ব্যাট থেকে এল ১২তম টেস্ট শতরান। ঠিক ১০০ রান করেই আউট হন তিনি। তিন নম্বরে নামা সুদর্শনও শতরান করতে পারতেন। ২২ গজে থিতু হয়ে যাওয়ার পরও ৮১ রানে আউট হলেন। তবে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে সুযোগ নষ্ট করেনি অধিনায়ক শুভমন। তিনি দিনের শেষে ১০৩ রানে অপরাজিত রয়েছেন। ১১তম টেস্ট শতরান হয়ে গেল তাঁর। ক্রিজ়ে শুভমনের সঙ্গী পন্থ অপরাজিত রয়েছেন ৫০ রান করে। দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ৩৬৮।
আরও পড়ুন:
আফগানিস্তানের কোনও বোলারই তেমন ছাপ ফেলতে পারলেন না। মহম্মদ সালিম ৬৭ রানে ২ উইকেট নিয়েছেন। ৬১ রানে ১ উইকেট জ়িয়াউরের।