Advertisement
E-Paper

সেমিফাইনালে টস কতটা গুরুত্বপূর্ণ হবে, হেড-টেলের লড়াইয়ে জিতলে কী করা উচিত সূর্য, ব্রুকের?

বিশ্বকাপে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। সেটাই স্বাভাবিক। ভারতের পরিবেশে দিন-রাতের ম্যাচে যেখানে শিশির পড়ে, সেখানে টস ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১২:০৩
Pitch of Wankhede Stadium

ওয়াংখেড়ের উইকেট পরিচর্যার কাজ চলছে।

বৃহস্পতিবার মুম্বইয়ে ভারত বনাম ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালের আগে বড় প্রশ্ন, টস জিতলে দুই অধিনায়কের কী করা উচিত। প্রশ্নটা বড় কারণ, এ বারের বিশ্বকাপে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। অধিকাংশ ম্যাচেই টস তফাত গড়ে দিচ্ছে। সেটাই স্বাভাবিক। ভারতের পরিবেশে দিন-রাতের ম্যাচে যেখানে শিশির পড়ে, সেখানে টস ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বলেই দিয়েছেন, মুম্বইয়ে সেমিফাইনালের ফলাফল টসের উপরই নির্ভর করবে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম টি-টোয়েন্টি ক্রিকেটে রান তাড়া করার জন্য সুবিধাজনক হিসাবে পরিচিত। সেটি আন্তর্জাতিক ম্যাচই হোক বা আইপিএল।

তবে এ বারের বিশ্বকাপে ছবিটা একটু আলাদা। এখানে যে সাতটি ম্যাচ হয়েছে, তার মধ্যে চারটিতেই প্রথমে ব্যাট করা দল জিতেছে। শুধু তা-ই নয়, এখানে ভারত ও ইংল্যান্ডের মধ্যে গত ফেব্রুয়ারিতে যে টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল সেখানে ভারত প্রথমে ব্যাট করে ১৫০ রানের বিশাল ব্যবধানে জিতেছিল।

তবু ভন মনে করছেন, রান তাড়া করা দলই জিতবে। ‘ক্রিকবাজ’ ওয়েব সাইটকে তিনি বলেছেন, ভারত যদি টস জেতে তা হলে ফাইনালে উঠে যাবে। ভনের বক্তব্য, ‘‘যদি ভারত টস জেতে, তা হলে তারাই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলবে। কিন্তু ইংল্যান্ড টস জিতলে বলব, তারা ফাইনাল খেললেও খেলতে পারে। ভারত টস জিতলে অবশ্যই রান তাড়া করতে চাইবে।’’

বুধবার কলকাতায় প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং করেছিল নিউ জ়িল্যান্ড। রান তাড়া করে ৭ ওভার বাকি থাকতে ৯ উইকেটে জিতে ফাইনালে উঠেছে তারা। ইডেন ম্যাচের কথা মাথায় রেখে ভন বলেন, ‘‘মনে হয় না এটা (টস) কলকাতার মতো এতটা প্রভাব ফেলবে। মুম্বইয়ে অবশ্যই খানিকটা ভারসাম্য আছে। কিন্তু টস জিতলে ম্যাচ জেতার সম্ভাবনা ৬০ শতাংশ।’’

ভারতের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক মনে করেন টস খুব একটা বড় ভূমিকা নেবে না। তিনি বলেন, ‘‘আমার মনে হয় না মুম্বইয়ে টস খুব বড় কোনও ফ্যাক্টর। কারণ, এখনও পর্যন্ত এখানে খুব একটা শিশির দেখা যায়নি। কলকাতায় মনে হচ্ছিল টস জেতা মানেই ম্যাচ জেতা। মুম্বইয়ে প্রথমে ব্যাট করা দলও বড় রান করতে পারে। তবে শিশির থাকলে টস জেতা অবশ্যই এই ম্যাচের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়াবে।’’

সেমিফাইনালে নামার আগে ভারত ও ইংল্যান্ড দুই দলই এ বারের বিশ্বকাপে সাতটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে। তবু ভনের কাছে সেমিফাইনালে ভারতই ফেভারিট। গত ছ’টি টি-টোয়েন্টি ম্যাচের পাঁচটিতেই ভারত ইংল্যান্ডকে হারিয়েছে। এর মধ্যে ২০২৪ সালের সেমিফাইনালও রয়েছে।

অ্যাকু ওয়েদার-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার খেলা চলাকালীন মুম্বইয়ে তাপমাত্রা ২৯ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এই তাপমাত্রার কারণে মাঠে শিশিরের তেমন প্রভাব না থাকারই কথা। ফলে কার্তিকের কথা অনুযায়ী টস হয়তো ম্যাচের উপর খুব একটা প্রভাব ফেলবে না।

Wankhede Stadium India vs England
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy