Advertisement
E-Paper

ভারতকে ছোট ছোট লড়াইয়ে হারাতে হবে! সূর্যদের শক্তিকেই দুর্বলতা বানাতে চায় জ়িম্বাবোয়ে, বিশেষ পরিকল্পনা সিকন্দরদের

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে ভারত ও জ়িম্বাবোয়ে দু’দলেরই লক্ষ্য জেতা। এই পরিস্থিতিতে ভারতকে হারাতে বিশেষ পরিকল্পনা করেছে জ়িম্বাবোয়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৫
cricket

জ়িম্বাবোয়ে ক্রিকেট দল। ছবি: পিটিআই।

দু’দলই সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। ফলে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে ভারত ও জ়িম্বাবোয়ে দু’দলেরই লক্ষ্য জয়। বৃহস্পতিবার চেন্নাইয়ে মুখোমুখি দুই দল। সেই ম্যাচে নামার আগে বিশেষ পরিকল্পনা করছে জ়িম্বাবোয়ে। ভারতের শক্তিকেই তাদের দুর্বলতা বানাতে তৈরি সিকন্দর রাজ়ারা।

ভারতের বিরুদ্ধে নামার আগে জ়িম্বাবোয়ের কোচ জাস্টিন স্যামন্স জানিয়েছেন, তাঁরা একসঙ্গে গোটা ম্যাচের কথা ভাবছেন না। ভাবছেন ছোট ছোট লড়াইয়ের কথা। স্যামন্স বলেন, “একটা ম্যাচের মধ্যে অনেক ছোট ছোট ম্যাচ হয়। ব্যক্তিগত অনেকগুলো লড়াই চলে। বৃহস্পতিবারও হবে। সেগুলো আমাদের জিততে হবে। তা হলেই ম্যাচের রাশ আমাদের হাতে চলে আসবে।”

জ়িম্বাবোয়ে জানে, তাদের বিরুদ্ধে ভারত আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। সেটাই ভারতের শক্তি। সেই শক্তিকে দুর্বলতা বানাতে চায় তারা। স্যামন্স বলেন, “ওয়েস্ট ইন্ডিজ়ের মতো ভারতও আমাদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক খেলবে। ওরা চুপ করে থাকবে না। জানি আমাদের উপর চাপ থাকবে। কিন্তু তার মাঝেও আমরা ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করব। আক্রমণাত্মক খেলার একটা ঝুঁকি থাকে। সেটা আমাদের কাজে লাগাতে হবে। ওদের ছন্দ নষ্ট করার চেষ্টা করব।”

চেন্নাইয়ের বড় মাঠ তাঁদের সাহায্য করবে বলেই জানিয়েছেন স্যামন্স। সিকন্দরদের কোচের মতে, “মুম্বইয়ের থেকে চেন্নাইয়ের মাঠ আকারে বড়। ফলে ছক্কা মারা সহজ হবে না। আমাদের বোলারেরা কিছুটা ছাড় পাবে।” তবে পাশাপাশি তাঁদের বুদ্ধি করে খেলতে হবে বলেও মনে করেন তিনি। স্যামন্স বলেন, “ওয়েস্ট ইন্ডিজ় আমাদের ধরে ফেলেছিল। সেটা করলে চলবে না। বুদ্ধি কাজে লাগাতে হবে। সেই পরিকল্পনা আমাদের তৈরি।”

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চলতি বিশ্বকাপে ভারতকে ভুগিয়েছে তাদের ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভেঙে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাটিং আক্রমণ। ফলে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে কিছুটা হলেও চাপে থাকবেন অভিষেক শর্মা, তিলক বর্মারা। সেই চাপ কাজে লাগাতে চাইছে জ়িম্বাবোয়ে। বিশ্বকাপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পর আরও একটি বড় দলকে হারানোর পরিকল্পনা করছে তারা।

(ভ্রম সংশোধন: এই প্রতিবেদনে পয়েন্ট তালিকায় গ্রুপ ১-এর দলগুলির নেট রানরেট ভুল প্রকাশিত হয়েছিল। সঠিক পয়েন্ট তালিকা দেওয়া হল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।)

Zimbabwe Cricket Team Team India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy