E-Paper

অঘটনের ফরাসি ওপেনে ছিটকে গেলেন গত বারের সেরা কোকোও

পরপর দু’দিন শীর্ষবাছাই ইয়ানিক সিনার এবং ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচ ছিটকে গিয়েছিলেন। শনিবার তৃতীয় রাউন্ডে কোকো হারলেন ২৮ নম্বর বাছাই আনাস্তাসিয়া পোটাপোভার কাছে। ফল ৬-৪, ৬-৭ (১), ৪-৬।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ০৭:৪১
দুই মেরু: (বাঁ দিকে) হারের পরে কোকো। জয়ের উচ্ছ্বাস সাবালেঙ্কার (ডান দিকে)।

দুই মেরু: (বাঁ দিকে) হারের পরে কোকো। জয়ের উচ্ছ্বাস সাবালেঙ্কার (ডান দিকে)। ছবি: রয়টার্স।

ফরাসি ওপেনে অঘটনের পালা থামার নাম নেই। পরপর দু’দিন নক্ষত্রপতনের পরে যখন মনে হচ্ছিল পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে আরিনা সাবালেঙ্কার জয়ে। ঠিক তখনই ছিটকে গেলেন গত বারের চ্যাম্পিয়ন কোকো গফ।

পরপর দু’দিন শীর্ষবাছাই ইয়ানিক সিনার এবং ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচ ছিটকে গিয়েছিলেন। শনিবার তৃতীয় রাউন্ডে কোকো হারলেন ২৮ নম্বর বাছাই আনাস্তাসিয়া পোটাপোভার কাছে। ফল ৬-৪, ৬-৭ (১), ৪-৬। ছিটকে গিয়েছেন ষষ্ঠ বাছাই আমেরিকারই আমান্ডা আনিসিমোভাও। তাঁকে তৃতীয় রাউন্ডে ৬-৩, ৪-৬, ৭-৬ (১০-৩) ফলে হারান আবাছাই ফ্রান্সের ডায়ান পেরি। যাঁর বিশ্বর‌্যাঙ্কিং ৯২।

তবে মেয়েদের বিশ্বের এক নম্বর সাবালেঙ্কাকে শেষ ষোলোয় উঠতে সমস্যায় পড়তে হয়নি। বেলারুসের তারকা ৬-০, ৭-৫ ফলে হারান অস্ট্রেলিয়ার দারিয়া কাসাটকিনাকে, যাঁর বিশ্বর‌্যাঙ্কিং ৫৩।

‘‘দারুণ কাটল প্রথম সপ্তাহটা। দ্বিতীয় সপ্তাহে পৌঁছতে পেরে ভাল লাগছে। নিজের খেলায় এবং যে ভাবে প্রতিপক্ষ লড়াই করেছে তার পরেও স্ট্রেট সেটে জিতে খুশি,’’ বলেছেন সাবালেঙ্কা। ২৮ বছর বয়সিকে যখন মনে করিয়ে দেওয়া হয় বিশ্বের এক নম্বর হিসেবে শততম ম্যাচ জিতে তিনি নবম খেলোয়াড় হিসেবে চলে এলেন মার্টিনা নাভ্রাতিলোভা, স্টেফি গ্রাফ, ক্রিস এভার্ট, সেরিনা উইলিয়ামস, মার্টিনা হিঙ্গিস, মনিকা সেলেস, জাস্টিন এনা আর্দেন, ইগা শিয়নটেকের ক্লাবে তখন সাবালেঙ্কা বলেছেন, ‘‘শুনে গায়ে কাঁটা দিচ্ছে। কঠিন সময়ে শক্ত থাকতে পেরেছি বলে খুশি। কখনও লড়াই ছাড়িনি। নিজের ও টিমের উপরে গর্বিত।’’

শেষ ষোলোয় সাবালেঙ্কা মুখোমুখি নেয়োমি ওসাকার। চার বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জাপানের তারকা প্রথম বার ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে ওঠার পথে প্রায় তিন ঘণ্টার লড়াইয়ে হারান ১৮ বছর বয়সি আমেরিকার ইভা জোভিচকে। ফল ৭-৬ (৫), ৬-৭ (৩), ৬-৪। তবে জয়ের পাশাপাশি প্রথম রাউন্ড থেকেই প্যারিসে নজর কাড়ছে ওসাকার পোশাক। প্রতি রাউন্ডে তিনি নতুন কোনও চমক দিচ্ছেন। এ দিনও তিনি সোনালি জ্যাকেটে কোর্টে প্রবেশ করেন। মুহূর্তেই যে ভিডিয়ো ছড়িয়ে পড়ে। পরে তিনি বলেছেন, ‘‘প্রত্যেক বার চমক থাকবে।’’ এ বার কোর্টেও তিনি সাবালেঙ্কাকে হারিয়ে চমকে দিতে পারেন কি না দেখার। যার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ১-২ পিছিয়ে আছেন তিনি।

এ দিকে, শুক্রবার তৃতীয় রাউন্ড থেকে বিদায়ের পরে সাংবাদিক বৈঠকে নোভাক জোকোভিচ পরের বার ফরাসি ওপেনে তাঁকে আবার দেখা যাবে কি না প্রশ্নে ধোঁয়াশা রেখে দিয়েছেন। ব্রাজিলীয় তরুণ জোয়াও ফনসেকার কাছে পাঁচ সেটের ম্যাচে হেরে যাওয়ার পর জোকোভিচকে জিজ্ঞেস করা হয় যে, তিনি আগামী বছর ফিরবেন কি না। জবাবে তিনি শুধু বলেন, “আমি জানি না।”

কার্লোস আলকারাসের অনুপস্থিতি এবং সিনারের দ্রুত ছিটকে যাওয়ার প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জানতে চান যে, তিনি কি ভেবেছিলেন ২৫তম গ্র্যান্ড স্ল্যাম এই প্রতিযোগিতাতেই আসতে চলেছে? জোকোভিচ এই জল্পনা সঙ্গে সঙ্গে উড়িয়ে দেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

French Open Coco Gauff Aryna Sabalenka Tennis

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy