চতুর্থ ও শেষ টেস্টে সান্ত্বনার জয় পেলেও দক্ষিণ আফ্রিকা সেটা কিন্তু দারুণ দাপটের সঙ্গেই জিতল। কারণ এবি ডে’ভিলিয়ার্সের দলের বোলাররা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস মাত্র ১০১ রানে খতম করে দিয়ে ২৮০ রানের জয় এনে দিলেন এ দিন। যেটা দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় নিম্নতম রানের ইনিংস। ১১ বছর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলেও (২-১) সেঞ্চুরিয়ন পার্কের পারফরম্যান্স অ্যালিস্টার কুকের দলের কাছে লজ্জার হয়ে থাকল। দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী কৃষ্ণাঙ্গ পেসার কাগিসো রাবাদা দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৬ উইকেট নেওয়ায় ম্যাচে তাঁর উইকেট দাঁড়ায় ১৩। দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে রাবাদা এক ম্যাচে ১৩ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান।