বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচের দিনই মিগুয়েল ফিগুয়েরার লাল কার্ড প্রত্যাহারের জন্য সরকারি ভাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছিল ইস্টবেঙ্গল। শনিবার পাল্টা ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি মিগুয়েলের প্রসঙ্গে চিঠি দিয়ে ইস্টবেঙ্গলকে জানিয়েছে, তিন ম্যাচ নির্বাসনের মুখে পড়তে চলেছেন তিনি। এই ব্যাপারে লাল-হলুদের প্রতিক্রিয়া জানতে চেয়েছে ফেডারেশন।
বৃহস্পতিবার আশিক কুরুনিয়নের সঙ্গে বল দখলের লড়াই নিয়ে বচসায় জড়িয়ে পড়েন ইস্টবেঙ্গলের মাঝমাঠের ফুটবলার। মাঝে চলে আসেন বেঙ্গালুরুর সহকারী কোচও। দলের অভিযোগ, মিগুয়েলকে পর্তুগিজ় ভাষায় তিনি ‘সমকামী’ বলে উল্লেখ করেন। তাতেই আরও চটে গিয়ে সেই সহকারী কোচের গলা ধরেন মিগুয়েল। এই ঘটনায় মিগুয়েলকে লাল কার্ড দেখান রেফারি। এখানেই ঘটনা শেষ হয়নি, ড্রেসিংরুমে ফেরার সময়ে সাইডলাইনে পড়ে থাকা বল বেঙ্গালুরুর ডাগ-আউটের দিকে সজোরে আঘাত করে পাঠিয়ে দেন মিগুয়েল। তখনই আশঙ্কা করা গিয়েছিল তাঁর উপরে নির্বাসনের খাঁড়া নেমে আসতে পারে।
শনিবার ঠিক সেটাই হল। চিঠি দিয়ে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি জানিয়েছে, রেফারির রিপোর্টের ভিত্তিতে মিগুয়েলের তিন ম্যাচের নির্বাসনের পাশাপাশি জরিমানাও হয়েছে। এর প্রতিক্রিয়া হিসেবে আপিল কমিটির কাছে আবেদন করতে পারে ইস্টবেঙ্গল। এখন প্রতিযোগিতার শেষ পর্যায়ে ইস্টবেঙ্গলের কাছে সব ম্যাচই কার্যত ফাইনাল। ফলে তিন ম্যাচ মিগুয়েলকে বাইরে বসে থাকতে হলে ইস্টবেঙ্গল দারুণ সঙ্কটে পড়বে।
এ দিকে ইস্টবেঙ্গলের সমর্থক থেকে কোনও কোনও ক্লাব কর্তা অস্কার ব্রুসোর পরিকল্পনা নিয়ে খুশি হতে পারছেন না। তাঁদের বক্তব্য, “দলকে নিয়ে অস্কারের পরীক্ষা-নিরীক্ষা খাদের ধারে দলকে নিয়ে যাচ্ছে। রেফারিংয়ের পক্ষপাতিত্বের পাশাপাশি অস্কারের পরীক্ষা চলতে থাকলে চ্যাম্পিয়নশিপের স্বপ্ন আরও দূরে সরবে।”
অন্য দিকে আইএফএল (ইন্ডিয়ান ফুটবল লিগ)-এ ডায়মন্ড হারবার ৫-২ হারিয়েছে গোকুলম কেরলকে। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে ডায়মন্ড।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)