Advertisement
E-Paper

মেসির চোখে জল, বিদায়ের ইঙ্গিত? মুখ খুললেন আর্জেন্টিনার কোচ, রোনাল্ডো খেলবেন বিশ্বকাপে? জানিয়ে দিলেন পর্তুগাল কোচ

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর আড়াই মাসও বাকি নেই। এ বার কি খেলতে দেখা যাবে লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে? মুখ খুললেন দুই দলের দুই কোচ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১২:১২
football

(বাঁ দিকে) লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ডান দিকে)। —ফাইল চিত্র।

লিয়োনেল মেসি কাঁদছেন। চোখে জল স্টেডিয়ামের হাজার হাজার আর্জেন্টিনা সমর্থকের। দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে ফেললেন মেসি। তাঁর কান্না কি বিদায়ের ইঙ্গিত দিল? দেশের জার্সিতে কি আর দেখা যাবে না তাঁকে? এই প্রশ্নের জবাব দিলেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। অন্য দিকে পর্তুগালের হয়ে দু’টি প্রীতি ম্যাচে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকেও কি বিশ্বকাপে দেখা যাবে না? পর্তুগালের কোচ রবের্তো মার্তিনেস দিলেন তাঁর জবাব।

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর আড়াই মাসও বাকি নেই। তার আগে আর্জেন্টিনা নিজেদের দেশের মাটিতে শেষ প্রীতি ম্যাচ খেলে ফেলল জ়াম্বিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ আর্জেন্টিনা জেতে ৫-০ গোলে। মেসি গোল করেন, গোল করান। দেশের জার্সিতে ১১৬ গোল করে ফেললেন তিনি।

খেলার সময় কিছু বোঝা না গেলেও খেলা শেষে মেসির আবেগ ধরা পড়ে। মাঠে দাঁড়িয়ে চোখের জল ধরে রাখতে পারেননি লিয়ো। কাঁদেন সমর্থকেরাও। তাঁরা চিৎকার করে মেসিকে অনুরোধ করতে থাকেন, এ বারও বিশ্বকাপ খেলার। দেশকে আরও এক বার বিশ্বচ্যাম্পিয়ন করার। যদিও মেসি এই বিষয়ে কিছু বলেননি।

মেসি এখনও নিজের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে কিছু না বললেও স্কালোনি নিশ্চিত, মেসি খেলবেন। তিনি বলেন, “লিয়োর ভাগ্য ও নিজেই ঠিক করবে। কিন্তু আমি নিশ্চিত, ওকে আরও একটা বিশ্বকাপে দেখব। সকলে ওকে দেখতে চায়। দলের সকলে মিলে চেষ্টা করব, যাতে ও আরও এক বার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে। এখনও মাঠে নেমে ও উপভোগ করছে। গোল করছে। এটাই ওকে এগিয়ে নিয়ে যাবে।”

স্কালোনি মনে করেন, আর একটা বছর ফুটবল খেললেই ১০০০ গোলের মালিক হয়ে যাবেন মেসি। কিছু দিন আগেই ৯০০ গোলের মাইলফলক পার করেছেন আর্জেন্টিনার ফুটবলার। স্কালোনি বলেন, “যদি ও খেলে, তা হলে ১০০০ গোল করে ফেলবে। এক বছরে ৯০টা গোল কিছুই না। ওকে মাঠে দেখে ভাল লাগছে। এখনও সেই চেনা ছন্দে খেলছে। আশা করছি, বিশ্বকাপেও এই ছন্দেই লিয়ো খেলবে।”

চোটের কারণে মেক্সিকোর বিরুদ্ধে পর্তুগালের প্রীতি ম্যাচে খেলতে পারেননি রোনাল্ডো। আমেরিকার বিরুদ্ধেও তিনি নেই। আপাতত সৌদি আরবে চোট সারাচ্ছেন তিনি। কিন্তু পর্তুগাল কোচ মার্তিনেস জানিয়েছেন, তাঁর দলে এখনও রোনাল্ডোই নেতা।

মার্তিনেস বলেন, “ক্রিশ্চিয়ানো আমাদের অধিনায়ক। ওকে সকলে আদর্শ মনে করে। এখনও ওর গোলের খিদে আছে। ৪১ বছর বয়সেও ক্রিশ্চিয়ানো প্রতি দিন উন্নতি করার চেষ্টা তরে। শেষ ৩০ ম্যাচে ও ২৫টা গোল করেছে। এর পরেও কি কারও কিছু বলার থাকে। বিশ্বকাপে ও খেলবেই।”

পর্তুগালের জার্সিতে ১৪৩ গোল করা রোনাল্ডো খুব তাড়াতাড়ি মাঠে ফিরবেন বলে জানিয়েছেন মার্তিনেস। তিনি বলেন, “ওর চোট সামান্য। আগামী সপ্তাহেই অনুশীলন শুরু করবে। ক্রিশ্চিয়ানো আমাদের অধিনায়ক। খুব গুরুত্বপূর্ণ ফুটবলার। নেশনস লিগে সেটা ও দেখিয়েছে। বিশ্বকাপেও দেখাবে।”

রোনাল্ডোর অবসর নিয়ে এখনই কিছু ভাবতে চান না মার্তিনেস। তিনি সিআর৭-কে দলে পেয়ে খুশি। মার্তিনেস বলেন, “কবে অবসর নেবে সেটা ক্রিশ্চিয়ানো নিজেই ঠিক করবে। সে সব ভেবে আমার লাভ নেই। আমি বর্তমান নিয়ে ভাবছি। সামনে বিশ্বকাপ। আপাতত সেটা জেতাই আমাদের লক্ষ্য।”

Lionel Messi Cristiano Ronaldo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy