E-Paper

পিএসজির হুঙ্কার, তৈরি বায়ার্ন

বায়ার্ন কয়েক দিন আগেই ৩৫তম বুন্দেশলিগা জিতেছে। ডিএফবি পোকাল কাপের ফাইনালে পৌঁছে গিয়েছেন হ্যারিরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০৮:৫৫
যুযুধান: বায়ার্ন মিউনিখের ভরসা হ্যারি। প‌্যারিস সঁ জরমঁ-র অস্ত্র দেম্বেলে। কে হাসবেন শেষ হাসি?

যুযুধান: বায়ার্ন মিউনিখের ভরসা হ্যারি। প‌্যারিস সঁ জরমঁ-র অস্ত্র দেম্বেলে। কে হাসবেন শেষ হাসি? ছবি: রয়টার্স।

চ‌্যাম্পিয়ন্স লিগে চলতি মরসুমে দুই দল মিলে মোট ৩৮ গোল করেছে। সমাজমাধ‌্যমে ইতিমধ‌্যেই প্যারিস সঁ জরমঁ-বায়ার্ন মিউনিখ দ্বৈরথকে বলা হচ্ছে, ‘ফাইনালের আগে ফাইনাল’। উসমান দেম্বেলে না হ্যারি কেন— মঙ্গলবার রাতে প্যারিসে নায়ক কে হবেন?

বায়ার্ন কয়েক দিন আগেই ৩৫তম বুন্দেশলিগা জিতেছে। ডিএফবি পোকাল কাপের ফাইনালে পৌঁছে গিয়েছেন হ্যারিরা। দুরন্ত ছন্দে থাকা বায়ার্নের বিরুদ্ধে শেষ চারের দ্বৈরথের আগে পিএসজি ম্যানেজার লুই এনরিকে রীতিমতো ফুরফুরে মেজাজে। মজা করে বলেছেন, ‘‘দল নির্বাচনের জন্য আমাকে হয়তো লটারি করতে হবে। দলের সকলেই তৈরি খেলার জন্য। তাই সব চেয়ে সমস্যা হল, সকলকে শান্ত রাখা।” এর পরেই গত মরসুমে পিএসজিকে ইউরোপ সেরা করা এনরিকের হুঙ্কার, ‘‘আমাদের চেয়ে ভাল দল আর নেই। ধারাবাহিকতায় বায়ার্ন হয়তো আমাদের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, আমাদের চেয়ে কোনও দলই ভাল নয়।’’

কোচের সঙ্গে অবশ‌্য একমত হতে পারছেন না দলের নির্ভরযোগ‌্য উইঙ্গার কিভিচা কাভারাৎস্কেলিয়া। তিনি এ ক্ষেত্রে উদাহরণ টেনেছেন গত বছরের নভেম্বরে বায়ার্ন দ্বৈরথের প্রসঙ্গ। সেই ম‌্যাচে পিএসজিকে ১-২ গোলে পরাস্ত হতে হয়েছিল। “বায়ার্ন এখন অন‌্যতম সেরা ছন্দে রয়েছে। ফলে আমাদের লড়াই রীতিমতো কঠিন হতে চলেছে। তবে আমরাও জবাব দেওয়ার জন‌্য প্রস্তুত,” বলেছেন কাভারাৎস্কেলিয়া।

পিএসজি মাঝমাঠের প্রধান ভরসা ভিতিনহার খেলা নিয়ে যদিও কিছুটা সংশয় রয়েছে। লিঁও-র বিরুদ্ধে ম্যাচে তিনি গোড়ালিতে চোট পেয়েছিলেন। গত শনিবার পর্যন্ত একাই অনুশীলন করছিলেন। হাঁটুর চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার পরে ফাবিয়ান রুইস সম্প্রতি দলে ফিরেছেন। অ্যাঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচে ৪৫ মিনিট খেলেছিলেন। অঘটন না ঘটলে বায়ার্নের বিরুদ্ধে প্রথম একাদশে থাকবেন রুইস।

২৪ জানুয়ারির পর থেকে কোনও প্রতিযোগিতাতেই হারেনি বায়ার্ন। শেষ পাঁচ ম্যাচে ১৯টি গোল করেছেন হ্যারিরা। রিয়াল মাদ্রিদকে ছিটকে দিয়ে শেষ চারে উঠেছে। কিন্তু পিএসজি-দ্বৈরথের আগে মাঠের ভিতরে ও বাইরের সমস্যায় জর্জরিত বায়ার্ন। শেষ আটে রিয়ালের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচে ভ্যাঁ সঁ কোম্পানি চলতি চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় হলুদ কার্ড দেখেছিলেন। ফলে মঙ্গলবার রাতের ম্যাচে তিনি ডাগআউটে থাকতে পারবেন। সব চেয়ে বড় ধাক্কা চোট পেয়ে স্যাজ় নাব্রির ছিটকে যাওয়া। তিনি বিশ্বকাপেও খেলতে পারবেন না। চোটের কারণে খেলতে পারবেন না টম বিশপ এবং সভেন উলরাইখও। তবে তরুণ লেনার্ট কার্ল অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। পিএসজি-র বিরুদ্ধে ম্যাচে তাঁর দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে: পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ (রাত ১২.৩০, সোনি স্পোর্টস নেটওয়ার্ক)।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bayern Munich PSG UEFA

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy