Advertisement
E-Paper

‘মেসিই সর্বকালের সেরা, স্বীকার করার সময় এসেছে!’ বললেন ব্রাজ়িলের রোনাল্ডো, ক্রিশ্চিয়ানো কি শুনলেন

চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন লিয়োনেল মেসি। তাঁর ৩ গোলে আলজেরিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। মেসির খেলায় মুগ্ধ ব্রাজ়িলের রোনাল্ডো।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৭:০৫
football

লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

এক রোনাল্ডোর সঙ্গে তাঁর দ্বৈরথ দু’দশক ধরে চলছে। আর এক রোনাল্ডো মুগ্ধ তাঁর খেলায়। তিনি লিয়োনেল মেসি। চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন মেসি। তাঁর ৩ গোলে আলজেরিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। অন্য দিকে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের প্রথম ম্যাচে নিষ্প্রভ। এই পরিস্থিতিতে ব্রাজ়িলের রোনাল্ডো মনে করেন, এ বার সময় এসেছে মেসিকে সর্বকালের সেরা মেনে নেওয়ার।

আলজেরিয়া ম্যাচের পর ব্রাজ়িলের রোনাল্ডো বলেন, “আর লুকানোর কিছু নেই। এ বার গোটা বিশ্বের সময় হয়েছে এটা মেনে নেওয়ার যে, মেসিই সর্বকালের সেরা ফুটবলার।” পর পর দুই বিশ্বকাপে মেসি যা খেলেছেন, তাতে কারও মনে আর সন্দেহ থাকা উচিত নয় বলেই মনে করেন ব্রাজ়িলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপজয়ী তারকা। রোনাল্ডো বলেন, “প্রতি মরসুমে ও ভাল খেলছে। প্রতি বিশ্বকাপে ভাল খেলছে। ও দুর্দান্ত। ফুটবল ইতিহাসে ও অমর। মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে আর সন্দেহ করার কোনও জায়গা নেই।”

আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে ব্রাজ়িলের রোনাল্ডোকে টপকে গিয়েছেন মেসি। বিশ্বকাপে রোনাল্ডোর ছিল ১৫ গোল। এখন মেসির গোলের সংখ্যা ১৬। সেখানে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলের সংখ্যা ৮। বিশ্বকাপের নক আউটে এখনও গোল করতে পারেননি রোনাল্ডো। ২০০৬ সালের পর থেকে নক আউটে মাত্র একটি ম্যাচ জিতেছে পর্তুগাল। সেখানে ২০১৪ সালে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন মেসি। সে বার জিততে না পারলেও ২০২২ সালে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। তাই মেসিকেই সেরা মনে করছেন ব্রাজ়িলের রোনাল্ডো। ক্রিশ্চিয়ানো কি সে কথা শুনতে পাচ্ছেন?

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের রোনাল্ডোর খেলা দেখে মনে হয়েছে, তিনিই দলের বোঝা। জেদ করে খেলতে নেমেছেন। গোলের সুযোগই তৈরি করতে পারছেন না। যে সুযোগ পাচ্ছেন তা কাজে লাগাতে পারছেন না। দর্শকেরা মাঠেই মেসির নাম নিয়ে টিটকিরি করছেন তাঁকে। এ বার ব্রাজ়িলের রোনাল্ডোও স্বীকার করে নিয়েছেন, মেসিই সেরা।

বিশ্বকাপের সেরা গোলদাতা হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মেসি। তিনি অবশ্য পরিসংখ্যানকে বেশি গুরুত্ব দিচ্ছেন না। আলজেরিয়া ম্যাচের পর আর্জেন্টিনার এক সংবাদমাধ্যমকে মেসি বলেন, “এটা খুবই গর্বের। কিন্তু এমবাপে ও রোনাল্ডোও লড়াইয়ে আছে। রোনাল্ডো সর্বকালের সেরাদের একজন। কিন্তু ও এক নম্বরে নেই। এর থেকেই বোঝা যাচ্ছে যে, এটা শুধুমাত্র একটা পরিসংখ্যান। এ সব নিয়ে ভেবে লাভ নেই।”

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মেসি যা-ই বলুন না কেন, তাঁর সমর্থকেরা অবশ্য আর রোনাল্ডোর সঙ্গে তুলনায় যেতে চান না। তাঁদের দাবি, দেশের হয়ে রোনাল্ডো শুধুমাত্র একটি ইউরো কাপ জিতেছেন। কিন্তু মেসি দেশের হয়ে একটি বিশ্বকাপ, দু’টি কোপা আমেরিকা ও একটি ফাইনালিসিমা জিতেছেন। বিশ্বকাপে দু’বার সোনার বল জিতেছেন। মেসির (৮) বালঁ দ্যরের সংখ্যাও রোনাল্ডোর (৫) চেয়ে বেশি। তা হলে কী ভাবে দু’জনের তুলনা চলে? মেসি নির্দ্বিধায় বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
১১ মিনিট আগে
Lionel Messi Cristiano Ronaldo Ronaldo Nazario
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy