Advertisement
E-Paper

ভিসা-সমস্যা কাটিয়ে অবশেষে ছেলের খেলা দেখতে পেলেন মা, পূরণ হল কাবো ভার্দের গোলকিপার ভোজ়িনহার স্বপ্ন

স্পেনের বিরুদ্ধে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর জানিয়েছিলেন, অর্থের কারণে মা-কে আমেরিকায় এনে খেলা দেখাতে পারছেন না। অবশেষে বিশ্বকাপে প্রথম বার চোখের সামনে ছেলের খেলা দেখলেন ভোজ়িনহার মা আনা ক্যান্ডিডা ইভোরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ২০:১৬
sports

গ্যালারি থেকে ভোজ়িনহার মায়ের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

স্পেনের বিরুদ্ধে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর কাঁদতে কাঁদতে জানিয়েছিলেন, অর্থের কারণে মা-কে আমেরিকায় এনে খেলা দেখাতে পারছেন না। তার পরেই নিজেদের নীতিতে বদল আনে আমেরিকা। এক দিন আগেই পৌঁছে গিয়েছিলেন তিনি। অবশেষে বিশ্বকাপে প্রথম বার চোখের সামনে ছেলের খেলা দেখলেন ভোজ়িনহার মা আনা ক্যান্ডিডা ইভোরা।

কাবো ভার্দের পতাকা নিয়ে মায়ামি স্টেডিয়ামের ভিআইপি স্যুটে বসে খেলা দেখেছেন ইভোরা। তার আগে ফিফার পোস্ট করা একটি ভিডিয়ো বার্তায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ইভোরা বলেছেন, “সব সমর্থক এবং যারা আমাকে এখানে আসার ব্যবস্থা করে দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি কাবো ভার্দেকে সমর্থনের জন্যও সকলের ধন্যবাদ প্রাপ্য। আমরা সবাই কাবো ভার্দেকে সমর্থন করতে এসেছি যাতে ওরা নির্ভয়ে মাঠে নেমে খেলতে পারে।” পরে ইভোরাকে দেখা গিয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ছবি তুলতে।

স্টেডিয়ামের বড় পর্দায় ভোজ়িনহার মায়ের ছবি দেখানো হতেই উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। সকলেই হাততালি দিয়ে অভিবাদন জানান তাঁকে। মায়ের সামনে আরও এক বার আকর্ষণীয় পারফরম্যান্স করেন ভোজ়িনহা। উরুগুয়ের বিরুদ্ধে ড্র করে দেশকে বিশ্বকাপের প্রথম পয়েন্ট অর্জন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।

স্পেন ম্যাচের পর আমেরিকার সংবাদমাধ্যমকে ম্যাচের পর ভোজ়িনহা বলেছেন, ‘‘ম্যাচের পর চোখের জল ধরে রাখতে পারিনি। ছোট থেকে ঠাকুমা-দাদুর কাছে বড় হয়েছি। আমাকে সব সময় আগলে রাখতেন তাঁরা। অথচ এমন একটা মুহূর্তে তাঁরা আমার সঙ্গে নেই। মা-ও আসতে পারেনি ভিসা সমস্যার জন্য। সকলের ভিসার জন্য যে টাকা চাওয়া হয়েছিল, সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি। অত টাকার ব্যবস্থা করতে পারিনি।’’

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
৩২ মিনিট আগে
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy