Advertisement
E-Paper

স্পেনের ক্লাবের ২৫ শতাংশ কিনলেন রোনাল্ডো, দীর্ঘ দিনের স্বপ্নপূরণ হল, বললেন ক্রিশ্চিয়ানো

নতুন ব্যবসায় নামলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনের দ্বিতীয় সারির ক্লাব ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ অংশীদারিত্ব কিনে ফেললেন তিনি। পূরণ করলেন দীর্ঘ দিনের স্বপ্ন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১১
football

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। — ফাইল চিত্র।

নতুন ব্যবসায় নামলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনের দ্বিতীয় সারির ক্লাব ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ অংশীদারিত্ব কিনে ফেললেন তিনি। সৌদি সরকার পরিচালিত ক্লাবের কিছুটা অংশ এ বার এল রোনাল্ডোর দখলে। রোনাল্ডোর অধীনস্থ এক সংস্থার তরফে এ কথা জানানো হয়েছে।

এক বিবৃতিতে রোনাল্ডো বলেছেন, “মাঠের বাইরে ফুটবলের প্রতি কোনও না কোনও ভাবে অবদান রাখা আমার দীর্ঘ দিনের স্বপ্ন। ইউডি আলমেরিয়া স্পেনের এমন একটি ক্লাব যারা শক্তিশালী এবং উন্নতির প্রচুর সম্ভাবনা রয়েছে। ক্লাবকে উন্নতির পরবর্তী পর্যায়ে নিয়ে সব রকম সাহায্যের জন্য তৈরি আমি।” রোনাল্ডো ক্লাবের অংশীদারিত্ব কিনেছেন ‘সিআর৭ স্পোর্টস ইনভেস্টমেন্ট’ সংস্থার মাধ্যমে।

এক সময় আলমেরিয়া নিয়মিত খেলত স্পেনের প্রথম ডিভিশনে। ২০২৩-২৪ মরসুমে লা লিগা থেকে অবনমন হয় তাদের। গত মরসুমে দ্বিতীয় ডিভিশনে ষষ্ঠ স্থানে শেষ করে তারা। এ বার তারা তিনে রয়েছে। এই জায়গাতেই থাকলে প্লে-অফের মাধ্যমে আবার লা লিগায় ফেরার সম্ভাবনা রয়েছে তাদের।

২০১৯ সালে এই ক্লাব কেনেন সৌদি সরকারের কর্তা তুর্কি আল-শেখ। তিনি ব্যবসায়ী আলফোন্সো গার্সিয়া গাবারনের থেকে ক্লাবটি কিনে নেন। ২০২৪-২৫ মরসুম আবার মালিকানা বদল হয়। আল-শেখের থেকে ক্লাব কিনে নেন সৌদি বিনিয়োগকারীদের একটি গোষ্ঠী, যার নেতৃত্বে রয়েছেন মহম্মদ আল-খেরেইজি।

তার পর থেকে আলমেরিয়া এবং সৌদি প্রো লিগের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে উঠেছে। গত অগস্টে আলমেরিয়ার সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলেছে রোনাল্ডোর ক্লাব আল নাসের। রোনাল্ডো নিজে দু‌’গোল করে সেই ম্যাচে জেতান আল নাসেরকে। সম্প্রতি বিভিন্ন ফুটবলার বিক্রি করে বড় অর্থ আয় করেছে আলমেরিয়া। কলম্বিয়ার লুই সুয়ারেজ়কে মোটা দামে বিক্রি করা হয়েছে স্পোর্টিং লিসবন ক্লাবে। ২২ বছরের ফুল-ব্যাক মার্ক পুবিল বড় অর্থে যোগ দিয়েছেন আতলেতিকো মাদ্রিদে।

Cristiano Ronaldo Saudi Arabia Al Nassr
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy