ফিফা হোক বা ফরাসি ম্যাগাজিন, বহু বার বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন তিনি। কিন্তু কোনও বারই মঞ্চে উঠে বা সাক্ষাৎকারে ইংরেজিতে কথা বলতে শোনা যায়নি তাঁকে। মাতৃভাষা স্প্যানিশেই কথা বলেছেন। সুযোগ থাকলেও ভাল ইংরেজি না শেখার কারণে আক্ষেপ রয়েছে লিয়োনেল মেসির। নিজেই সে কথা জানিয়ে উল্লেখ করেছেন, কী ভাবে বিভিন্ন খ্যাতনামীদের সঙ্গে কথা বলতে না পারার কারণে উপেক্ষিত থেকেছেন।
খুব ছোটবেলায় আর্জেন্টিনার রোসারিয়ো থেকে বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন মেসি। আবাসিক ফুটবল স্কুলে পড়াশোনার পাশাপাশি চলত খেলাধুলোও। সেখানে সুযোগ থাকা সত্ত্বেও ভাল করে ইংরেজি শিখতে পারেননি মেসি। অল্পস্বল্প বুঝতে পারলেও সে ভাবে বলতে পারেন না। তা নিয়ে আক্ষেপ রয়েছে বিশ্বকাপজয়ী তারকা ফুটবলারের।
এক পডকাস্টে সাক্ষাৎকারে মেসি বলেছেন, “জীবনে অনেক কিছু নিয়ে আক্ষেপ রয়েছে। তার একটা হল, ছোটবেলায় ইংরেজ শিখতে না পারা। অন্তত ইংরেজি শেখার জন্য আমার হাতে সময় ছিল। আমি সেটা করিনি। এমন অনেক পরিস্থিতি হয়েছে যেখানে আমার সঙ্গে অসাধারণ এবং দুর্ধর্ষ ব্যক্তিত্বেরা হাজির ছিলেন। কিন্তু তাদের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝেছি, আমি অর্ধেক উপেক্ষিত। বরাবর ভেবেছি, কত নির্বোধ আমি। কী ভাবে সময় নষ্ট করেছি।”
আরও পড়ুন:
মেসি আরও বলেছেন, “আপনার বয়স কম হলে অনেক সময় এত কিছু বুঝতে পারেন না। আজ নিজের ছেলেমেয়েদের সে কথাই বলি। ওদের পড়াশোনার গুরুত্ব বোঝাই। ভাল করে পড়ে প্রস্তুতি নিতে বলি। আমি ওদের সব সময় পড়াশোনার সুবিধা নেওয়ার জন্য উৎসাহ দিই। আমার ছোটবেলায় কোনও কিছুর অভাব ছিল না। তবে ওরা যে ভাবে বড় হচ্ছে, তার থেকে আমার বড় হওয়া অনেক আলাদা ছিল।”
মেসি এখন খেলেন ইন্টার মায়ামির হয়ে। সম্প্রতি মেজর লিগ সকারের প্রথম ম্যাচে হেরে গিয়েছে তাঁর ক্লাব। সেই ম্যাচে মাথা গরমও করতে দেখা গিয়েছে মেসিকে।