সৌদি আরবের সরকারি সংস্থার সিদ্ধান্তে ক্ষিপ্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রতিবাদ করে আল নাসেরের হয়ে একটি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ় তারকা। সেই ম্যাচ আল নাসেরের জন্য গুরুত্বপূর্ণ হলেও রোনাল্ডো মনে করছেন, প্রতিবাদ করার এটাই সেরা সময়।
আল নাসের-সহ দেশের চারটি ক্লাবের (আল হিলাল, আল ইত্তিহাদ, আল আহলি) মালিক সৌদি আরবের সরকারি সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফ। ক্লাবগুলিতে টাকা ঢালে এই সংস্থাই। রোনাল্ডোর মতে, বাকি তিনটি ক্লাবের পিছনে পিআইএফ যে অর্থ খরচ করছে, তার সিকি ভাগও করা হচ্ছে না আল নাসেরের জন্য। চলতি মরসুমে মাত্র একজন ফুটবলারকে সই করিয়েছে আল নাসের। সেখানে আল হিলাল দুই নামী ফুটবলারকে সই করিয়েছে। পিছিয়ে নেই আল ইত্তিহাদ এবং আল আহলিও।
আরও পড়ুন:
চারটি ক্লাব একে অপরের প্রতিদ্বন্দ্বী। ইচ্ছাকৃত ভাবে আল নাসেরকে বঞ্চিত করা হচ্ছে বলে মনে করছেন রোনাল্ডো। তাই আল রিয়াধের বিরুদ্ধে ২ ফেব্রুয়ারির ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আনুষ্ঠানিক ভাবে এ কথা কোনও পক্ষই জানায়নি। তবে পর্তুগালের সংবাদপত্র ‘আ বোলা’র খবর তেমনই। ইটালির সাংবাদিক ফ্যাব্রিজ়িয়ো রোমানো জানিয়েছেন, রোনাল্ডোকে আল রিয়াধ ম্যাচে পাওয়া যাবে না। চোট বা ফিটনেস সংক্রান্ত কিছু নয়, অন্য একটি কারণে তিনি ওই ম্যাচে তিনি খেলবেন না। সেটি পিআইএফ-এর বিরুদ্ধে প্রতিবাদের জন্য, এমনই খবর স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে।