Advertisement
E-Paper

ভালভার্দের হ্যাটট্রিকে ম্যাঞ্চেস্টার সিটিকে হারাল রিয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়ন্স লিগে চেলসিকে পাঁচ গোল প্যারিসের

চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ বুধবার রাতে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়েছে ৩-০ গোলে। হ্যাটট্রিক করেছেন অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে। গত বারের বিজয়ী প্যারিস সঁ জরমঁ ৫-২ গোলে হারিয়েছে চেলসিকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১০:৪২
football

গোলের পর ভালভার্দের উচ্ছ্বাস। ছবি: সমাজমাধ্যম।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে তারা ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়েছে ৩-০ গোলে। হ্যাটট্রিক করেছেন অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে। অন্য দিকে, গত বারের বিজয়ী প্যারিস সঁ জরমঁ ৫-২ গোলে হারিয়েছে চেলসিকে। বোডো/গ্লিমট ৩-০ গোলে হারিয়েছে স্পোর্টিং লিসবনকে।

বুধবার রাতে ম্যাচের শেষে ম্যান সিটি একটি বিষয় ভেবে হাঁফ ছাড়তে পারে যে, তাদের আরও বেশি গোল খেতে হয়নি। দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টি নষ্ট করেন ভিনিসিয়াস জুনিয়র। আরও কিছু সুযোগ নষ্ট হয়েছে। না হলে আরও বেশি ব্যবধানে জিততে পারত রিয়াল।

প্রথমার্ধেই হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেলেন ভালভার্দে। তিনটি গোলই ভাল করেছেন। তাঁর মধ্যে তৃতীয় গোলের ক্ষেত্রে মার্ক গেহির মাথার উপর দিয়ে বল নিয়ে গিয়ে সপাটে ভলিতে যে গোলটি করেছেন তা নিয়ে চর্চা হচ্ছে বেশি। চোটের কারণে রিয়াল এই ম্যাচে পায়নি কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম এবং রদ্রিগোকে। তাঁদের অভাব বুঝতেই দেননি ভালভার্দেরা। কোচ আলভারো আর্বেলোয়া বলেছেন, “আমরা রিয়াল মাদ্রিদ। কখনওই আমাদের মৃত বলে ভেবে নেবেন না।”

গত বছর ক্লাব বিশ্বকাপে চেলসি হারিয়েছিল পিএসজিকে। তার প্রতিশোধ চ্যাম্পিয়ন্স লিগে নিল প্যারিসের ক্লাব। ব্র্যাডলি বার্কোলা পিএসজি-কে এগিয়ে দিলেও সমতা ফেরান চেলসির মালো গাস্টো। প্রথমার্ধেই ওসমানে দেম্বেলে গোল করে পিএসজি-কে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান এনজ়ো ফের্নান্দেস।

এর পরেই চেলসির বিপদ বাড়ে। গোলকিপার ফিলিপ জর্গেনসেনের একটি ভুলে গোল করেন ভিটিনহা। আট মিনিটের ব্যবধানে দু’টি গোল করে পিএসজি-কে কোয়ার্টার ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে দেন কিভিচা কাভারাৎস্কেলিয়া।

এ দিকে, চমকেই যাচ্ছে নরওয়েল ক্লাব বোডো/গ্লিমট। গোটা বিশ্বকে চমকে দিয়ে প্রথম বারেই চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনাল খেলছে তারা। প্রথম পর্বে যে ফলাফল হয়েছে তাতে কোয়ার্টার ফাইনালেও খেলার পথে তারা। লিসবনের বিরুদ্ধে গোল করেন সন্দ্রে ফেট, ওলে ব্লমবার্গ এবং ক্যাসপার হঘ।

UEFA Champions League Real Madrid Manchester City
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy