E-Paper

বার্সায় মেসিকে ফিরতে দেননি লাপোর্তা: জ়াভি

বার্সার সঙ্গে প্রায় দু’দশকের বেশি সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে প্যারিস সঁ জরমঁ-এ যোগ দিয়েছিলেন মেসি। দু’বছর পরে সই করেন আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ০৬:৫৩
লিয়োনেল মেসি

লিয়োনেল মেসি —ফাইল চিত্র।

লিয়োনেল মেসি খেলেন ইন্টার মায়ামিতে। অথচ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বের দ্বৈরথ শুরু হওয়ার আগে তিনিই শিরোনামে! নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে বার্সেলোনার ম্যাচের আগে জ়াভি হার্নান্দেসের মন্তব্যে আলোড়ন পড়ে গিয়েছে ফুটবল বিশ্বে। তাঁর অভিযোগ, মেসির ক্যাম্প ন্যু-তে প্রত্যাবর্তনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন স্বয়ং বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা।

বার্সার সঙ্গে প্রায় দু’দশকের বেশি সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে প্যারিস সঁ জরমঁ-এ যোগ দিয়েছিলেন মেসি। দু’বছর পরে সই করেন আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। জ়াভি দাবি করেন, মেসি ফিরতে চেয়েছিলেন বার্সাতেই। স্পেনীয় সংবাদমাধ্যম ‘লা ভানগার্দিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘মেসির সঙ্গে সব কথাবার্তা হয়ে গিয়েছিল। বিশ্বকাপ জেতার পরে ২০২৩ সালের জানুয়ারিতেই আমাদের মধ্যে কথা হয়েছিল। ও আমাকে বলেছিল, বার্সায় ফিরতে চায়। লা লিগা থেকেও আমরা সবুজ সঙ্কেত পেয়েছিলাম। আমরা প্রস্তুতি নিয়েছিলাম, মাইকেল জর্ডানের মতো মেসির জন্যও স্মরণীয় শেষ ম্যাচ আয়োজনের। কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে দেন ক্লাব প্রেসিডেন্ট।’’ কেন? জ়াভির অভিযোগ, ‘‘লাপোর্তা বলেছিলেন, মেসি ফিরলে ওঁর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আর তিনি সেটা হতে দিতে পারেন না। এরপর হঠাৎ করেই মেসি আমার ফোন ধরা বন্ধ করে দেয়। কারণ, ওকে জানিয়ে দেওয়া হয়েছিল—বার্সায় ফেরা সম্ভব নয়।’’

চুপ করে বসে থাকেননি লাপোর্তাও। কয়েক সপ্তাহ আগে পদত্যাগ করলেও এখন তিনি পুনর্নির্বাচনের লড়াইয়ে ব্যস্ত। জ়াভির সব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেছেন, ‘‘জ়াভি হয়তো এখনও পুরনো ক্ষত বয়ে বেড়াচ্ছে। ওর কোচিংয়ে আমরা হারছিলাম। অথচ একই দল নিয়ে হান্সি ফ্লিকের অধীনে আমরা জিতছি। একই খেলোয়াড়দের নিয়ে ফ্লিক যদি জিততে পারেন, তবে সমস্যাটা কোথায় ছিল তা পরিষ্কার।’’

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রথম পর্বের দ্বৈরথে মঙ্গলবার রাতে বায়ার্ন মিউনিখ খেলবে আটলান্টার বিরুদ্ধে। লিভারপুলের প্রতিপক্ষ গালাতাসারে। আতলেতিকো দে মাদ্রিদ খেলবে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে: লিভারপুল বনাম গালাতাসারে (রাত ১১.১৫), আটলান্টা বনাম বায়ার্ন মিউনিখ (রাত ১.৩০), আতলেতিকো দে মাদ্রিদ বনাম টটেনহ্যাম হটস্পার (রাত ১.৩০)। সব ম্যাচের সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Lionel Messi Barcelona FC Xavi Hernandez Joan Laporta

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy