Advertisement
E-Paper

স্বপ্নপূরণ হতে চলেছে জ়িদানের, ২৮ বছর পর আবার ফ্রান্স ফুটবল দলের সাজঘরে ফিরছেন জিজু

১৯৯৮ সালে ফ্রান্সের প্রথম বিশ্বজয়ী দলের অধিনায়ক ছিলেন দিদিয়ের দেশঁ। সেই দলের নায়ক ছিলেন জ়িনেদিন জ়িদান। এ বার সতীর্থ দেশঁর হাত থেকে জ়িদান নেবেন জাতীয় দলের কোচের দায়িত্ব।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৮:১২
picture of football

জ়িনেদিন জ়িদান। ছবি: এক্স।

আগামী বিশ্বকাপের পর সম্ভবত আবার ফ্রান্সের সাজঘরে ফিরবেন জ়িনেদিন জ়িদান। এ বার জাতীয় দলের দায়িত্ব নেবেন কোচ জ়িদান। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে জ়িদানের চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর কোনও ক্লাবে কোচিং করাননি।

কিলিয়ান এমবাপেদের কোচ হিসাবে এ বার দেখা যাবে জ়িদানকে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি না হলেও কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। এর আগে জাতীয় দলকে কোচিং করানোর স্বপ্নের কথা বলেছিলেন জ়িদান। সেই অর্থে তাঁর স্বপ্ন পূরণ হতে চলেছে।

আগামী বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের দায়িত্বে থাকবেন দিদিয়ের দেশঁ। তিনি আগেই জানিয়েছেন, বিশ্বকাপের পর আর জাতীয় দলের দায়িত্বে থাকতে চান না। ফ্রান্সের ফুটবল কর্তাদের নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন দেশঁ। তার পর থেকেই জাতীয় দলের জন্য নতুন কোচের খোঁজে ছিলেন কর্তারা। ফেডারেশনের প্রস্তাব পছন্দ হওয়ায় জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি হয়েছেন জ়িদান। বিশ্বকাপের পর দায়িত্ব নেবেন তিনি। সরকারি ভাবে জ়িদানের দায়িত্ব নেওয়ার বিষয়টি ঘোষণা করা হয়নি।

কোচ হিসাবে জ়িদানের দক্ষতা নিয়ে সংশয় নেই। তাঁর কোচিংয়ে টানা তিন বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল। দু’বার লা লিগাও জিতেছে। রিয়ালকে উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপও চ্যাম্পিয়ন করেন কোচ জ়িদান।

২০১২ সালে ফ্রান্সের কোচ হন দেশঁ। তাঁর কোচিংয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স। ২০২২ সালেও ফাইনালে উঠেছিলেন এমবাপেরা। ২০২১ সালে উয়েফা নেশনস লিগও চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। ১৯৯৮ সালে ফ্রান্সের প্রথম বিশ্বজয়ী দলের অধিনায়ক ছিলেন দেশঁ। সে বার ফ্রান্সের সাফল্যের নায়ক ছিলেন জ়িদান।

Zinedine Zidane Didier Deschamps france coach FIFA World Cup 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy