Advertisement
E-Paper

গাড়ি চালিয়ে কেরল থেকে কাতারে! ফুটবল বিশ্বকাপ দেখতে পাড়ি মেসি-ভক্ত ভারতীয় যুবতীর

ফুটবল বিশ্বকাপ দেখতে গাড়ি চালিয়ে কেরল থেকে কাতারে যাচ্ছেন এক যুবতী। ইতিমধ্যেই কেরল থেকে বেরিয়ে পড়েছেন তিনি। মেসি-ভক্ত ওই যুবতী চান, এ বার বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২২ ১৮:০৪
কেরল থেকে মুম্বই পাড়ি দেওয়ার আগে গ্রামবাসীদের সঙ্গে নৌশি (ডান দিকে)।

কেরল থেকে মুম্বই পাড়ি দেওয়ার আগে গ্রামবাসীদের সঙ্গে নৌশি (ডান দিকে)। ছবি: ফেসবুক।

ফুটবল তাঁর প্রেম। সংসারের হাজার কাজের মধ্যেও আর্জেন্টিনার খেলা থাকলে বসে পড়েন। লিয়োনেল মেসি গোল করলে তাঁর আনন্দের শেষ থাকে না। সেই মেসি জানিয়ে দিয়েছেন, এ বারই শেষ বিশ্বকাপ খেলছেন। তাই আর বাড়িতে বসে থাকতে পারলেন না কেরলের মাহে জেলার বাসিন্তা নাজি নৌশি। গাড়ি চালিয়ে কেরল থেকে কাতারে যাবেন তিনি। ইতিমধ্যেই কেরল থেকে বেরিয়ে পড়েছেন তিনি।

নৌশির যাত্রার সূচনা করেছেন কেরলের পরিবহণ মন্ত্রী অ্যান্টনি রাজু। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান। পরিবার ও গ্রামবাসীদের শুভেচ্ছা নিয়ে মরুভূমির দেশের উদ্দেশে বেরিয়ে পড়েছেন পাঁচ সন্তানের মা।

গাড়ি চালিয়ে প্রথমে কেরল থেকে মুম্বই যাবেন নৌশি। সেখান থেকে জাহাজে করে যাবেন ওমান। সেখানে নেমে বাকি পথ গাড়িতেই পাড়ি দেবেন নৌশি। ওমান থেকে সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, কুয়েত ও সৌদি আরব পেরিয়ে কাতারে ঢুকবেন তিনি। মধ্যপ্রাচ্যের এই সব দেশে গাড়ি চালানোর ও কাতারে থাকার ভিসা ইতিমধ্যেই করিয়ে নিয়েছেন নৌশি।

সংবাদমাধ্যমে নৌশি বলেছেন, ‘‘আশা করছি, আমি ১০ ডিসেম্বর কাতারে পৌঁছে যাব। বিশ্বকাপের ফাইনাল দেখব। আমি আর্জেন্টিনা আর মেসির অন্ধ ভক্ত। আশা করছি কাতারে আমার প্রিয় দল বিশ্বকাপ জিতবে।’’ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই অবশ্য কাতার থেকে ফিরবেন না নৌশি। ৩১ ডিসেম্বর পর্যন্ত কাতারে থাকবেন তিনি।

নৌশি স্বপ্ন দেখেন, এক দিন ভারত ফুটবল বিশ্বকাপ খেলবে। তিনি বলেছেন, ‘‘আমি স্বপ্ন দেখি যে ভারতও এক দিন ফুটবল বিশ্বকাপে খেলবে। আমি সেই জন্য ভারতে তৈরি গাড়ি চালিয়েই কাতার যাব। আশা করছি আমার স্বপ্ন এক দিন সত্যি হবে।’’

যাতে যাতায়াতের পথে খাওয়ার সমস্যা না হয়, সেই জন্য গাড়িতেই রান্না করার সরঞ্জাম নিয়েছেন নৌশি। রাস্তা থেকে রেশন তুলে নেবেন। নৌশির ইচ্ছা, যাত্রাপথে কোনও হোটেলে নয়, উল্টে টোল প্লাজা বা পেট্রল পাম্পের কাছে গাড়িতে রাত কাটাবেন তিনি।

দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা শেষ করার পরে বিয়ে হয়ে গিয়েছিল নৌশির। ১৯ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম। তাঁর সব থেকে ছোট ছেলের বয়স ২ বছর। সংসারের কাজ সামলেও নিজের স্বপ্ন পূরণ করেছেন নৌশি। সেই কাজে তাঁর পরিবার তাঁকে সব থেকে বেশি সাহস জুগিয়েছে। এর আগে গাড়ি চালিয়ে কেরল থেকে লাদাখে গিয়েছিলেন নৌশি। তবে এ বার দেশের গণ্ডি আটকে রাখতে পারছে না কেরলের যুবতীকে। ঘর ছেড়ে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে পাড়ি দিচ্ছেন তিনি।

Qatar World Cup 2022 Football World Cup Naaji Noushi Lionel Messi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy