E-Paper

হালান্ডের জাদুতে শীর্ষে ম্যাঞ্চেস্টার সিটি

ম্যান সিটি ৩৩ ম্যাচে গোল করেছে ৬৬, খেয়েছে ২৯। আর্সেনাল গোল করেছে ৬৩, খেয়েছে ২৬টি। এই কারণেই দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে আর্সেনালকে। আর ২১ অগস্টের পরে প্রথমবার পয়েন্ট টেবলের শীর্ষ স্থান দখল করল গুয়ার্দিওলার দল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ০৬:৫৯
নায়ক: বার্নলির বিরুদ্ধে গোল করছেন হালান্ড। বুধবার ইপিএলে।

নায়ক: বার্নলির বিরুদ্ধে গোল করছেন হালান্ড। বুধবার ইপিএলে। ছবি: রয়টার্স।

ম্যাঞ্চেস্টার সিটি শিবিরে উৎসবের রাতে আরও একবার স্বপ্নভঙ্গের আতঙ্ক আর্সেনাল সমর্থকদের মনে। বুধবার রাতে বার্নলিকে ১-০ হারিয়ে মিকেল আর্তেতার দলকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবলের শীর্ষ স্থানে আর্লিং হালান্ডরা। ৩৩ ম্যাচে ম্যান সিটির অর্জিত পয়েন্ট ৭০। সমসংখ্যক ম্যাচ খেলা আর্সেনালের সংগ্রহেও ৭০ পয়েন্ট। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে রয়েছে পেপ গুয়ার্দিওলার দল।

ম্যান সিটি ৩৩ ম্যাচে গোল করেছে ৬৬, খেয়েছে ২৯। আর্সেনাল গোল করেছে ৬৩, খেয়েছে ২৬টি। এই কারণেই দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে আর্সেনালকে। আর ২১ অগস্টের পরে প্রথমবার পয়েন্ট টেবলের শীর্ষ স্থান দখল করল গুয়ার্দিওলার দল। বুধবার বার্নলির বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ম্যান সিটি। পাঁচ মিনিটে জেরেমি ডোকুর কাছ থেকে বল পেয়ে ঝড়ের গতিতে রক্ষণ ভেঙে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন হালান্ড। তাঁকে আটকাতে এগিয়ে এসেছিলেন গোলরক্ষক। ঠান্ডা মাথায় বাঁ-পায়ের নিখুঁত শটে দ্বিতীয় পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন হালাল্ড। চলতি ইপিএলে ২৪তম গোল করলেন তিনি। এই ম্যাচে আরও গোল করতে পারতেন ম্যান সিটি তারকা। ৫৫ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে থেকে নেওয়া তাঁর শট ধাক্কা খায় পোস্টে। এ ছাড়া বেশ কয়েক বার পেনাল্টি বক্সের মধ্য থেকে বল বাইরে মারেন হালান্ড।

ইপিএলে হালান্ডদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হল। কিন্তু লা লিগায় খুব একটা স্বস্তিতে নেই বিশ্বফুটবলের আর এক মহাতারকা কিলিয়ান এমবাপে। মঙ্গলবার রাতে ভিনিশিয়াস জুনিয়রের সঙ্গে জুটি বেঁধে রিয়ালকে জয়ের সরণিতে ফেরান ফরাসি তারকা। সান্তিয়াগো বের্নাবাউয়ে ৩০ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। তিনিও লিগে ২৪তম গোল করলেন। পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া এমবাপের শট আলাভেসের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে দূরপাল্লার জোরালো শটে ২-০ করেন ভিনিশিয়াস। যা নিয়ে উচ্ছ্বসিত ২০০২ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিলের অধিনায়ক কাফু। তাঁর বিশ্বাস ভিনিদের হাত ধরেই ফের বিশ্বসেরা হবে ব্রাজিল। বলেছেন, ‘‘শেষবার বিশ্বকাপ জয়ের ২৪ বছর কেটে গিয়েছে। আমার বিশ্বাস, ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার এটাই উপযুক্ত সময়।’’

২০০২ সালে শেষ বার বিশ্বসেরা হয়েছিল ব্রাজিল। তার পর থেকে শুধুই ব্যর্থতা। সুদিন ফেরাতে কার্লো আনচেলত্তিকে কোচ করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সম্প্রতি ফিফা ফ্রেন্ডলিতে ফ্রান্সের কাছে ব্রাজিল হারলেও জিতেছে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। কাফু বলছিলেন, “আমাদের দলে আনচেলত্তির মতো অভিজ্ঞ ও সফল কোচ রয়েছেন। আমাদের ভিনিশিয়াস অসাধারণ ফুটবলার। আশা করি, ও সেরাটা দেবে।’’

রিয়ালের বিরুদ্ধে সংযুক্ত সময়ে (৯০+৩ মিনিট) টোনি মার্তিনেস ব্যবধান কমালেও দলের হার বাঁচাতে পারেননি। এই জয়ের পরে ৩২ ম্যাচ থেকে রিয়ালের অর্জিত পয়েন্ট ৭৩। তবে শীর্ষ স্থানে থাকা বার্সেলোনা অনেক এগিয়ে রয়েছে (৩১ ম‌্যাচে ৭৯ পয়েন্ট)। তাই লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য রিয়ালকে শুধু নিজেদের বাকি ম্যাচগুলি জিতলেই হবে না, প্রার্থনা করতে হবে বার্সার হারেরও। আলাভেসের বিরুদ্ধে জয়ের পরে রিয়াল ম্যানেজার আলভারো আরবেলোয়া বলেছেন, ‘‘আমাদের লক্ষ্য পরের ছ’টি ম্যাচই জেতা।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

English Premier League EPL Manchester City Burnley

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy