সর্বভারতীয় ফুটবল সংস্থা নিজেদের সিদ্ধান্ত থেকে সরতেই মোহনবাগান সমর্থকদের জন্য উপহার ঘোষণা করলেন সঞ্জীব গোয়েন্কা। মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ারম্যান ঘোষণা করেছেন, শুক্রবার ওড়িশা এফসি ম্যাচে প্রত্যেক সমর্থককে বিনামূল্যের দু’টি করে টিকিট দেওয়া হবে।
মঙ্গলবার মোহনবাগানকে শাস্তি দিয়েছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। কেরল ব্লাস্টার্স ম্যাচে দর্শকদের দুর্ব্যবহারের জন্য জরিমানা করার পাশাপাশি জানানো হয়েছিল, শুক্রবার দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে মোহনবাগানকে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছিল বাগান। সেই আবেদন মেনে কিছুটা নরম হয়েছে এআইএফএফ। জানানো হয়েছে, গ্যালারির কিছু অংশ দর্শকশূন্য থাকবে। পুরোটা নয়। অর্থাৎ, কিছু সংখ্যক দর্শক খেলা দেখতে যেতে পারবেন। তবে সেই সংখ্যাটা কত তা জানা যায়নি।
এই ঘোষণার পরে সঞ্জীব গোয়েন্কা একটি বিবৃতিতে লিখেছেন, “দোল ও আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে মোহনবাগান সমর্থকদের জন্য একটি বিশেষ ঘোষণা। আমাদের দর্শকদের আবেগকে সম্মান জানাতে ওড়িশা ম্যাচের জন্য প্রত্যেককে দু’টি করে টিকিট বিনামূল্যে দেওয়া হবে।”
আরও পড়ুন:
বিবৃতিতে সঞ্জীব আরও লিখেছেন, “আমাদের সমর্থকদের ভালবাসা, আবেগ ও ক্লাবের প্রতি দায়বদ্ধতাকে সম্মান জানাতে চাই আমরা। সমর্থকেরাই আমাদের শক্তি। আপনাদের জন্যই মোহনবাগান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের এই সবুজ-মেরুন পরিবাবের অবিচ্ছেদ্য অংশ মহিলা সমর্থকেরা। তাই চলুন, প্রত্যেকে মিলে মাঠে গিয়ে গ্যালারি ভরিয়ে তুলি।”
গত বারের আইএসএল লিগ-শিল্ড ও কাপজয়ী দল এ বারও শুরু করেছে চ্যাম্পিয়নের মতো। প্রথম তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক করেছে তারা। তিন ম্যাচে ৯ গোল করেছেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোসেরা। মাত্র একটি গোল খেয়েছেন বিশাল কাইথ। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সকলের উপরে মোহনবাগান। শুক্রবার ঘরের মাঠে ওড়িশাকে হারিয়ে জয়ের ধারা এগিয়ে নিয়ে যেতে চাইছে বাগান। আর সেই ম্যাচের আগে সমর্থকদের উপহার দিলেন সঞ্জীব।