E-Paper

গুলেরের ‘বিস্ময়’ গোল নিয়ে চর্চা

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। তখনই জ্বলে ওঠেন তুরস্কের তরুণ ফুটবলার। এলচের গোলরক্ষক মাতিয়াস দিতুরো গোল ছেড়ে অনেকটা বেরিয়ে এসেছিলেন। যা দেখে নিজেদের অর্ধ থেকেই বাঁ-পায়ে গোল লক্ষ্য করে জোরালো শট নেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০৭:৪২
মধ্যমণি: গোলের পরে গুলেরকে ঘিরে সতীর্থেরা।

মধ্যমণি: গোলের পরে গুলেরকে ঘিরে সতীর্থেরা। ছবি: রয়টার্স।

লা-লিগায় এলচের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের জয় নিয়ে কোনও সন্দেহ ছিল না। ৪-১ ফলে জিতে কোনও অঘটন ঘটতে দেয়নি রিয়াল। কিন্তু সব কিছুকে ছাপিয়ে চর্চায় আর্দা গুলেরের প্রায় ৬৮ মিটার দূর থেকে করা বিস্ময় গোল। যা নিয়ে বিস্ময় কাটছে না ফুটবলপ্রেমীদের।

ম‌্যাচের বয়স তখন ৮৯ মিনিট। তখনই জ্বলে ওঠেন তুরস্কের তরুণ ফুটবলার। এলচের গোলরক্ষক মাতিয়াস দিতুরো গোল ছেড়ে অনেকটা বেরিয়ে এসেছিলেন। যা দেখে নিজেদের অর্ধ থেকেই বাঁ-পায়ে গোল লক্ষ‌্য করে জোরালো শট নেন। গোলরক্ষক লাফিয়েও সেই বলের নাগাল পাননি। তাঁর মাথার উপর দিয়ে সেই বল জালে জড়িয়ে যায়। এর আগে নুমানসিয়ার হয়ে সেভিয়ার বিরুদ্ধে ২০০৪ সালে এ রকম দূরত্ব থেকেই গোল করেছিলেন আন্তোনিয়ো হোসে।

গোলের পরেই রিয়ালের ম‌্যানেজার আলভারো আরবেলোয়াকে গিয়ে জড়িয়ে ধরেন। পরে ম‌্যানেজার গুলেরের প্রশংসা করে বলেছেন, “ওই গোলের পরে সান্তিয়াগো বের্নাবেউতে প্রত‌্যেকে মাথায় হাত দিয়ে কয়েক মিনিট বসেছিল। প্রায় ৭০ মিটার দূর থেকে ওই গোল, অবিশ্বাস‌্য! এই গোলের জন‌্যই হয়তো টিকিট কেটে সমর্থকরা খেলা দেখতে আসে।” ৩৯ মিনিটে ম‌্যাচের প্রথম গোলটি করেন আন্তোনিয়ো রুডিগার। পাঁচ মিনিট পরে ডান পায়ের বাঁক খাওয়ানো শটে ২-০ করেন ফেদেরিকো ভালভার্দে। ৬৬ মিনিটে ডিন হুইসেন ৩-০ করেন। গুলেরের ওই গোলের আগে রিয়ালের ম‌্যানুয়েল অ‌্যাঞ্জেল নিজের গোলেই বল ঢুকিয়ে দেন। এ দিন বার্সেলোনা ৫-২ ফলে হারিয়ে দেয় সেভিয়াকে। দুরন্ত হ‌্যাটট্রিক রাফিনহার। বার্সেলোনা জিতে যাওয়ায় ২৮ ম‌্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তারা শীর্ষেই থাকল। দ্বিতীয় স্থানে রিয়াল (২৮ ম‌্যাচে ৬৬)।

জয়ী ম‌্যান ইউনাইটেড: ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার অ্যাস্টন ভিলার বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। উনাই এমেরির দলের বিরুদ্ধে জিতে লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে এলেন মাইকেল ক্যারিকরা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ফলে। কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে আক্রমণ বাড়ায় ম্যান ইউনাইটেড। ৫৩ মিনিটে ১-০ করেন কাসেমিরো। ৬৪ মিনিটে শোধ করেন রস বার্কলে। ৭১ মিনিটে ২-১ করেন ম্যান ইউনাইটেডের আরও এক ব্রাজিলীয় তারকা ম্যাথেউস কুনহা। ৮১ মিনিটে ব্যবধান বাড়ান বেঞ্জামিন সেসকো। ম্যাচ শেষে ক্যারিক বলেছেন, ‘‘আমাদের জিততেই হতো। তিন নম্বরে উঠে এসেছি। সেটাই সব চেয়ে জরুরি। বাকি সব ক’টা ম্যাচই জিততে হবে। কোনও ভাবেই এই ছন্দ হারাতে চাই না। চ্যাম্পিয়ন্স লিগে যোগ‌্যতা অর্জনই পাখির চোখ।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

La Liga La Liga 2025-26 Real Madrid

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy