বিশ্বকাপের আয়োজক দেশ তারা। প্রতিযোগিতার কয়েক মাস আগে সেই আমেরিকা ফুটবল দলে হতশ্রী দশা বেরিয়ে পড়ল। বেলজিয়ামের কাছে প্রদর্শনী ম্যাচে পাঁচ গোল খেল তারা। অন্য ম্যাচে, শেষ মুহূর্তের গোলে জাপান হারিয়েছে স্কটল্যান্ডকে। আর্জেন্টিনার খারাপ খেলা নিয়ে মুখ খুলেছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ়।
বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক ৭৫ দিন আগে আমেরিকার এই ফর্ম চিন্তায় ফেলেছে সমর্থকদের। যদিও আটলান্টার ৬৭ হাজার সমর্থকের সামনে এগিয়ে গিয়েছিল আমেরিকাই। ওয়েস্টন ম্যাকেনি গোল করে এগিয়ে দেন দেশকে। বেলজিয়াম ম্যাচে ফিরতে সময় নেয়নি। একে একে গোল করেন জ়েনো দেবাস্ত, আমাদু ওনানা এবং চার্লস দে কাতালায়েরে। জোড়া গোল করেন পরিবর্ত দোদি লুকেবাকিয়ো। শেষের দিকে আমেরিকার হয়ে একটি গোল শোধ করেন প্যাট্রিক আগিয়েমাং।
এর পর পর্তুগালের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ রয়েছে আমেরিকার। তার আগে কোচ মরিসিয়ো পোচেত্তিনো বলেছেন, “এই হার আমাদের চোখ খুলে দিয়েছে। এ রকম পরিস্থিতিতে কী ভাবে ভাল খেলতে হয় সেটা নিয়ে আরও ভাবনাচিন্তা করতে হবে।”
বিশ্বকাপে ২৮ বছর পর খেলতে নামবে স্কটল্যান্ড। ঘরের মাঠে তারা হেরেছে জাপানের কাছে। একমাত্র গোল জুনিয়া ইতোর। নিয়মিত বিশ্বকাপ খেলা জাপান অবশ্য সেরা ফুটবলারদের বাইরে রেখেই নেমেছিল। তাতেও জিততে সমস্যা হয়নি। যদিও স্কটল্যান্ডের একাধিক প্রচেষ্টা রুখে দিয়েছেন জাপানের গোলকিপার জ়িয়োন সুজুকি।
আরও পড়ুন:
এ দিকে, র্যাঙ্কিংয়ে ১১৫ নম্বরে থাকা মরুতেনিয়ার বিরুদ্ধে মাত্র ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। দলের খেলায় খুশি নন মার্তিনেজ়। তিনি বলেছেন, “খুব খারাপ খেলেছি আমরা। দলের খেলা অন্যতম খারাপ ম্যাচ। প্রদর্শনী ম্যাচেও এত খারাপ খেলা উচিত নয়। হৃদয় দিয়ে খেলিনি। ভাগ্য ভাল ফাইনালিসিমা খেলতে হয়নি। আমাদের খেলায় কোনও গতি ছিল না। কোনও একাগ্রতা, রক্ষণাত্মক মনোভাব ছিল না। আরও মন দিয়ে খেলতে হবে।”