উইম্বলডন থেকে বিদায় নিলেন এক গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। এক মাস আগেই মীরা আন্দ্রিভা জিতেছিলেন নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন আন্দ্রিভা উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন। তিন সেটের (৪-৬, ৭-৫, ৬-৪) লড়াইয়ে হারলেন বারবোরা ক্রেচিকোভার কাছে।
গত বার উইম্বলডন জিতেছিলেন ক্রেচিকোভা। কিন্তু তার পর থেকে লাগাতার খারাপ ফলে অনেকটা পিছিয়ে গিয়েছেন তিনি। এ বার উইম্বলডন খেলছেন অবাছাই হিসাবে। সেই কারণেই দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন দুই চ্যাম্পিয়ন। মহিলাদের পঞ্চম বাছাই রাশিয়ার আন্দ্রিভাকে হারালেন চেকিয়ার ক্রেচিকোভা। পিছিয়ে থেকেও জিতলেন তিনি।
প্রথম সেটে আন্দ্রিভার খেলা দেখে মনে হচ্ছিল, লাল সুরকির কোর্টের ফর্ম ঘাসের কোর্টেও ধরে রেখেছেন তিনি। কিন্তু ক্রেচিকোভা ঘাসের কোর্টে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা যত খেলা গড়াল বোঝা গেল।
গোটা ম্যাচে ন’টি এস মেরেছেন ক্রেচিকোভা। আন্দ্রিভা সেখানে মেরেছেন চারটি এস। ব্রেক পয়েন্টেও এগিয়ে ক্রেচিকোভা। আন্দ্রিভার সার্ভিস পাঁচ বার ভেঙেছেন তিনি। আন্দ্রিভা সেখানে ক্রেচিকোভার সার্ভিস ভেঙেছেন চার বার।
আরও পড়ুন:
তৃতীয় সেটে পিছিয়ে থেকেও লড়াই করেন আন্দ্রিভা। নিজের সার্ভিসে ০-৪০ পিছিয়ে ছিলেন তিনি। আর একটি পয়েন্ট জিতলেই ম্যাচ জিতে যেতেন ক্রেচিকোভা। কিন্তু ১৯ বছরের রুশ খেলোয়াড় আন্দ্রিভা হাল ছাড়েননি। সেই গেম জেতেন তিনি। দেখে মনে হচ্ছিল, ফরাসি ওপেনের মতো এখানেও প্রত্যাবর্তন হবে তাঁর। কিন্তু হল না। হেরে কোর্ট ছাড়তে হল এক মাস আগে চ্যাম্পিয়ন হওয়া আন্দ্রিভাকে।
খেলা শেষে আন্দ্রিভার লড়াইয়ের প্রশংসা করেছেন ক্রেচিকোভা। তিনি বলেন, “কী দুর্দান্ত ম্যাচ হল। মীরার সঙ্গে পঞ্চম বার খেললাম। ওর বয়স কম। দুর্দান্ত খেলোয়াড়। এক বারের জন্যও লড়াই ছাড়েনি। ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ।”