দেড় বছর সে একা ঘুরে বেরিয়েছে বন্ধ কারখানার চৌহদ্দিতে। বিস্কুট আর মুরগির ছাঁট খেয়ে দিন কেটেছে। অবশেষে পাঁচিল টপকে সেই কুকুরকে উদ্ধার করলেন কিছু মানুষ। স্থানীয় কয়েক জন তাঁর খাবার জোগাড়ের দায়িত্ব নিয়েছেন। লেজ নেড়ে মানুষকে পাল্টা ভালবাসা জানিয়েছে সে!
স্থানীয়দের কাছে জানা গিয়েছে, আইনি জটিলতায় বছর দেড়েক আগে ডানকুনিতে দিল্লি রোডের পাশে চিপস তৈরির একটি কারখানা বন্ধ হয়ে যায়। সেটি সিল করে দেওয়া হয়। একটি পথ কুকুর কারখানার ভিতরে থেকে গিয়েছিল। শেখ বুলবুল নামে স্থানীয় এক তরুণ রোজ সকালে কুকুরটিকে বিস্কুট খাওয়াতেন। এক মুরগি ব্যবসায়ী মাঝে মধ্যে মুরগির ছাঁট ছুড়ে দিতেন। তাতেই বেঁচেবর্তে ছিল কুকুরটি। তেষ্টা মিটত কারখানা চত্বরে পড়ে থাকা পাত্রে বৃষ্টির জমা জলে। বাইরে বেরোনোর উপায় ছিল না।
গত রবিবার ‘আশ্রয় অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ নামে পশুপ্রেমী একটি সংগঠনের সদস্য মাবুদ আলি এ কথা জানতে পারেন। তিনি সংগঠনের সহ সভাপতি গৌতম সরকারকে বিষয়টি জানান। এর পরেই ওই সংস্থার উদ্যোগে ডানকুনি থানার পুলিশের উপস্থিতিতে সোমবার বছর তিনেক বয়সের কুকুরটিকে ওই কারখানার ঝোপে ঢাকা চৌহদ্দি থেকে বের করে আনা হয়।
উদ্ধারকারীদের মধ্যে বিকাশ হাজরার অনুভূতি, ‘‘ওকে উদ্ধার করতে পেরে খুবই ভাল লাগছে। নতুন জীবন পেল কুকুরটি।’’ মাবুদ জানান, কুকুরটিকে আপাতত এলাকার একটি গুদামে রাখা হচ্ছে। সেখানকার কর্মীরাই খাবারের দায়িত্ব নিয়েছেন। গৌতম বলেন, ‘‘শেখ বুলবুল এবং ওই মুরগি বিক্রেতাকে অসংখ্য ধন্যবাদ। ওঁদের জন্যই কুকুরটি বেঁচে ছিল।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)