অন্নপূর্ণা যোজনায় দ্বিতীয় ধাপে উপভোক্তাদের মাসিক ভাতা প্রদান শুরু হচ্ছে আজ, বুধবার। এই উপলক্ষে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের একটি অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকী ভাবে অর্থ স্থানান্তরের করবেন।
কলকাতায় রাজ্য স্তরের এই অনুষ্ঠানের পাশাপাশি, বুধবার জেলা, ব্লক স্তরে ও পুরসভায় উপভোক্তাদের ভাতা প্রদানের অনুষ্ঠান হবে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের আয়োজিত ওই অনুষ্ঠানে একাংশ উপভোক্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, ‘‘জেলার সব ব্লক ও পুরসভায় উপভোক্তাদের নিয়ে অনুষ্ঠান হবে। রাজ্য স্তরে অনুষ্ঠানের সঙ্গে সেই অনুষ্ঠানগুলি ভার্চুয়ালি যুক্ত থাকবে।’’
অন্নপূর্ণা যোজনায় উপভোক্তাদের মাসিক তিন হাজার টাকা দেওয়া হচ্ছে। এই প্রকল্পে প্রথম দফায় পূর্ব মেদিনীপুরের অন্তত দু’লক্ষ উপভোক্তা গত ৩ জুন টাকা পান। গত ১৫ থেকে ১৮ জুন রাজ্য সরকারের ‘জনকল্যাণ শিবির’ হয়। তাতে অন্নপূর্ণা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন জমা নেওয়া হয়। এ ছাড়া, অনলাইনেও অন্নপূর্ণার আবেদন জমা পড়েছিল। ওই আবেদনগুলি খতিয়ে দেখার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই হচ্ছে। ইতিমধ্যে যাঁদের ওই যাচাই হয়েছে, তাঁরা দ্বিতীয় দফায় টাকা পাবেন।
প্রথম পর্যায়ে রাজ্যে প্রায় ২৮ লক্ষ উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনার অর্থ প্রদান করা হয়েছিল। এ বার তা বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় এক কোটি পাঁচ লক্ষ। প্রশাসন সূত্রের খবর, জেলাতেও প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি। শহিদ মাতঙ্গিনীর বিডিও সুজিত কুমার বিশ্বাস বলেন, ‘‘অন্নপূর্ণা যোজনায় আমাদের ব্লক প্রথম দফায় প্রায় ছ’হাজার উপভোক্তা টাকা পেয়েছিলেন। এ বার উপভোক্তা প্রায় ৩৮ হাজার। এঁদের মধ্যে একাংশকে বুধবারের অনুষ্ঠানে আমন্ত্রণজানানো হয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)