ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এখনও বড় রান করতে পারেননি বিরাট কোহলী। বুধবার মাত্র সাত রান করেই অ্যান্ডারসনের বলে আউট হন বিরাট। আউট হয়ে সাজঘরে ফেরার সময় ভারত অধিনায়ককে টিটকিরি দিলেন ইংরেজ সমর্থকরা।
ইংরেজ পেসারের বলে আউট হওয়ার পরই বিরাটের উদ্দেশে কটাক্ষ করতে থাকেন ইংরেজ দর্শকরা। বার্মি আর্মি (ইংরেজ সমর্থকদের দল) ‘‘চেরাও চেরাও’’ বলে চিৎকার করতে থাকেন। যার অর্থ বিদায়। হাত নাড়িয়ে বিরাটকে বিদায় জানাতে থাকেন কয়েকজন। মাথা নিচু করে মাঠ ছাড়েন বিরাট। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।
অ্যান্ডারসনের ফুল লেংথ বলে স্ট্রেট ড্রাইভ মারতে গিয়ে খোঁচা দিয়ে আউট হন বিরাট। ভারত অধিনায়কের উইকেট পাওয়ার পরই উল্লাসে ফেটে পড়েন অ্যান্ডারসন। এ নিয়ে সপ্তম বার ভারত অধিনায়ককে আউট করলেন অ্যান্ডারসন।
আরও পড়ুন:
Cheerio Virat 👋
— England's Barmy Army (@TheBarmyArmy) August 25, 2021
Jimmy has 3 in the first hour 🐐#ENGvIND pic.twitter.com/OSM9jBe4DS
সিরিজের শুরু থেকেই বিরাট-অ্যান্ডারসন ঠোকাঠুকি শুরু। লর্ডস টেস্টে ঝামেলায় জড়িয়ে পড়েন দুই দেশের দুই তারকা ক্রিকেটার। স্টাম্প মাইকে শোনা যায় তাঁদের ঝগড়া।
এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে এই সিরিজে। তাই এই দ্বৈরথ আবারও দেখা যেতে পারে। বিরাট-অ্যান্ডারসন দ্বৈরথ দারুণ উপভোগ করছেন ইংরেজ দর্শকরা।