Advertisement
E-Paper

শাকিবকে খেলানোর শেষ চেষ্টা করেছিল কেকেআর! বাংলাদেশ বোর্ড মানেনি কলকাতার দু’টি প্রস্তাব

শাকিব আল হাসানদের আইপিএলে খেলানোর জন্য অনেক চেষ্টা করেছিল কেকেআর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিশেষ প্রস্তাবও দিয়েছিল তারা। কিন্তু সেই প্রস্তাব নাকি মানেনি বাংলাদেশ বোর্ড।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ১৪:৩৫
Picture of Shakib Al Hasan

শাকিব আল হাসানকে এ বার আইপিএলে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। নাম তুলে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার। —ফাইল চিত্র

কলকাতা নাইট রাইডার্সের হয়ে এ বারের মরসুমে আর খেলবেন না শাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে খেলার জন্য আইপিএলকে না বলেছেন তিনি। কিন্তু তাঁকে খেলানোর অনেক চেষ্টা করেছিল কেকেআর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে তারা বিশেষ প্রস্তাব পাঠিয়েছিল বলেও জানা গিয়েছে। কিন্তু সেই প্রস্তাব নাকি পত্রপাঠ নাকচ করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এ বারের আইপিএল শুরু হয়েছে ৩১ মার্চ থেকে। ১ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলার কথা ছিল কেকেআরের। তার আগের দিন, অর্থাৎ ৩১ মার্চ আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শেষ হয়েছে বাংলাদেশের। তার পরে আবার ৪ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট রয়েছে বাংলাদেশের। সেই টেস্ট শুরু হয়ে গিয়েছে। মে মাসেও বাংলাদেশের সিরিজ় রয়েছে। ৯ মে থেকে ১৪ মে পর্যম্ত আয়ারল্যান্ডে ৩ ম্যাচের এক দিনের সিরিজ় খেলার কথা বাংলাদেশের।

যে হেতু আইপিএল চলাকালীন বাংলাদেশের খেলা রয়েছে তাই শাকিব ও লিটনকে দলে পেতে নাকি বিশেষ প্রস্তাব দিয়েছিল কেকেআর। বাংলাদেশের টেস্ট দলে প্রথমে ছিলেন না শাকিব। জানা গিয়েছে, কেকেআর বিসিবিকে প্রস্তাব দিয়েছিল, টেস্ট ম্যাচে লিটন দেশের হয়ে খেলুক। কিন্তু শাকিব আইপিএলের শুরু থেকে কেকেআরের হয়ে খেলুক। টেস্ট শেষ হলে লিটন আইপিএলে আসুক। আবার যখন মে মাসে বাংলাদেশ আয়ারল্যান্ডে খেলতে যাবে সেই সময় শাকিব দলের সঙ্গে খেলতে যাক, কিন্তু লিটন কেকেআরের হয়ে খেলুক। সিরিজ় শেষ হয়ে গেলে শাকিব আবার চলে আসুক কলকাতায়। তা হলে দুই পক্ষের সমস্যা মিটে যাবে বলে আশা করেছিল কেকেআর।

কিন্তু কলকাতার এই প্রস্তাব মানেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, তারা দেশের দুই ক্রিকেটারকে ছাড়তে চায়নি। এমনকি শাকিবকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলেও নিয়ে নেওয়া হয়। তার ফলে তাঁর আইপিএল খেলায় সমস্যা হয়। শেষ পর্যন্ত আইপিএল থেকে নাম তুলে নেন শাকিব।

IPL 2023 Shakib Al Hasan KKR
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy