Advertisement
E-Paper

কলকাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন শাকিবের, তবু বাংলাদেশ অধিনায়ক রয়েছেন কেকেআরের ‘মাথায়’

শাকিব এবং লিটন দাসকে এ বারের নিলামে কিনেছে কেকেআর। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁদের এখনও ছাড়পত্র দেয়নি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শুরু হয়েছে মঙ্গলবার থেকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ ১৪:২১
Shakib Al Hasan

নাইট রাইডার্সের হয়ে খেলবেন না শাকিব আল হাসান। —ফাইল চিত্র

এ বারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন না শাকিব আল হাসান। দেড় কোটি টাকা খরচ করে তাঁকে নিয়েছিল নাইটরা। কিন্তু তিনি আসবেন না কলকাতার হয়ে খেলতে। নাইটদের পক্ষ থেকে এখনও কিছু জানানো না হলেও শাকিব যে আসবেন না তা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। যদিও নাইটদের ‘মাথায়’ এখনও রয়েছেন শাকিব।

শাকিব আল হাসানের ছবি রেখে ফেসবুক এবং টুইটারের ‘কভার ফোটো’ বানিয়েছিল কলকাতা। আইপিএল শুরুর আগের দিন অর্থাৎ ৩০ মার্চ সেই ছবি দেয় নাইটরা। শাকিব না এলেও তাঁর মুখ এখনও রয়ে গিয়েছে সমাজমাধ্যমের পাতায় সব কিছুর উপরে থাকা ছবিটিতে। আইপিএল শুরুর আগে কেকেআর জানত না যে, শাকিব খেলতে আসবেন না। তাই তাঁকে রেখেই প্রচার শুরু করেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, লকি ফার্গুসনরা আইপিএল খেলতে চলে এলেও শাকিব এলেন না।

শাকিব এবং লিটন দাসকে এ বারের নিলামে কিনেছে কেকেআর। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁদের এখনও ছাড়পত্র দেয়নি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সেই টেস্টে খেলছেন শাকিব এবং লিটন। সেটা খেলার পর আইপিএল খেলতে আসতে পারেন লিটন। শাকিব যদিও আসবেন না।

বাংলাদেশের ওয়েবসাইটের খবর অনুযায়ী, শাকিবের এ বার আইপিএল খেলার সম্ভাবনা নেই। কেবল শুরুর দিকেই নয়, শেষের দিকেও শাকিবকে পাওয়া যাবে না। বাংলাদেশ তখন আয়ারল্যান্ডে যাবে এক দিনের সিরিজ়‌ খেলতে। সেটি ৯-১৪ মে। গ্রুপ পর্বে কেকেআরের শেষ ম্যাচ ২০ মে। প্লে-অফ বা ফাইনালে উঠলে আরও বেশি ম্যাচ খেলবে তারা। ফলে অন্তত পাঁচ-ছ’টি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। সে কারণেই কলকাতার তরফে শাকিবকে প্রস্তাব দিয়ে বলা হয়েছে, তিনি যদি আইপিএলে না খেলেন তা হলে পরিবর্ত হিসাবে অন্য বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে।

IPL 2023 Shakib Al Hasan KKR Kolkata Knight Riders
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy