Advertisement
E-Paper

উইম্বলডনে নতুন নিয়ম! আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে যত ইচ্ছা রিভিউ নিতে পারবেন খেলোয়াড়েরা

২৯ জুন থেকে শুরু এই বছরের উইম্বলডন। সেখানে চালু হতে চলেছে নতুন নিয়ম। চেয়ার আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে রিভিউ নিতে পারবেন খেলোয়াড়েরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ২২:৩৭
sports

উইম্বলডনে এ বার থেকে দেখা যাবে নতুন নিয়ম। ছবি: এক্স।

গত বারই উইম্বলডনে চালু হয়েছে ইলেকট্রনিক লাইন কলিং সিস্টেম। অর্থাৎ, বল লাইনের বাইরে পড়েছে কি না, তা দেখার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এ বার চালু হতে চলেছে আরও এক নিয়ম। চেয়ার আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে রিভিউ নিতে পারবেন খেলোয়াড়েরা। তার জন্য একটি নতুন প্রযুক্তি (ভিডিয়ো রিভিউ) চালু করা হবে।

২৯ জুন থেকে শুরু হতে চলেছে এই বছরের উইম্বলডন। শনিবার ‘অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকে ক্লাব’ জানিয়েছে, প্রতিযোগিতা চলাকালীন চেয়ার আম্পায়ারের কিছু সিদ্ধান্ত পছন্দ না হলে চ্যালেঞ্জ করতে পারবেন খেলোয়াড়েরা। তবে ইলেকট্রনিক লাইন কলিং সিস্টেমের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যাবে না। ওই প্রযুক্তি যেমন কাজ করছিল, তেমনই করবে।

কী ধরনের সিদ্ধান্ত চ্যালেঞ্জের আওতায় পড়বে? বল মারার আগে কোর্টে দু’বার ড্রপ খেয়েছে কিনা, বল মারার আগে তা খেলোয়াড়ের শরীরে লেগেছে কিনা এমনই কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যাবে। ‘অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকে ক্লাব’ একটি বিবৃতিতে বলেছে, “চেয়ার আম্পায়ারের নেওয়া নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত, যেমন, ‘নট-আপ’, ‘ফাউল শট’, ‘টাচ’ প্রভৃতির বিরুদ্ধে রিভিউ নিতে পারবেন খেলোয়াড়েরা। কেউ চাইলে সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে রিভিউ নিতে পারেন। আবার কেউ চাইলে সেই পয়েন্ট শেষ হওয়ার পর রিভিউ নিতে পারেন।”

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রিভিউয়ের সংখ্যা। সাধারণত, টেনিসে প্রতিটি সেটে দু’টি করে রিভিউ পান খেলোয়াড়েরা। কিন্তু এই নতুন নিয়মে যত বার ইচ্ছা তত বার আবেদন করতে পারবেন তাঁরা। বিবৃতিতে বলা হয়েছে, “আবেদনের কোনও নির্দিষ্ট সংখ্যা নেই। খেলোয়াড়েরা চাইলে যত বার ইচ্ছা আবেদন করতে পারেন।”

তবে শুরুতে প্রতিটি কোর্টে এই প্রযুক্তি থাকবে না। সেন্টার কোর্ট, কোর্ট ওয়ান-সহ মোট ছ’টি কোর্টে এই প্রযুক্তি থাকবে। পরবর্তীতে উইম্বলডনের প্রতিটি কোর্টে এই প্রযুক্তি চালু হবে বলে জানানো হয়েছে।

Tennis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy