আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিল পাকিস্তান। খেলোয়াড়, কোচদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ভারতে দল পাঠাতে নারাজ পাক সরকার। তাই পাকিস্তানকে ছাড়াই হবে এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ।
আগামী ১৮ জুন থেকে ২৪ জুন নয়া দিল্লিতে হবে এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। এশিয়ার সব দেশের ফেন্সারেরা অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতার ১২ দিন আগে নাম প্রত্যাহার করে নিল পাকিস্তান। সে দেশের ফেন্সিং কর্তাদের অভিযোগ, খেলোয়াড়দের নিরাপত্তা এবং সফর সংক্রান্ত কাগজপত্র এবং প্রয়োজনী আশ্বাস দিতে পারেননি ভারতীয় কর্তারা। অনিশ্চয়তার জন্য প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে।
পাকিস্তান ফেন্সিং ফেডারেশনের সচিব উসমান আহমেদ বলেছেন, ‘‘সরকারি অনুমতি এবং সফরকারী খেলোয়াড়দের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব আয়োজকদের। এর কোনও ব্যাপারেই সরকারি ভাবে আশ্বস্ত করা হয়নি। সে কারণেই ফেডারেশন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নিশ্চয়তা না পেলে আমাদের পক্ষে দল পাঠানো সম্ভব নয়।’’ তিনি আরও বলেছেন, ‘‘ভারতের ফেন্সিং কর্তাদের দু’বার প্রয়োজনীয় সব কিছু পাঠিয়ে অনুরোধ করা হয়েছিল। তা-ও সদর্থক সাড়া আসেনি।’’
এই পরিস্থিতির জন্য ভারতীয় ফেন্সিং কর্তাদের দোষ দেননি উসমান। তাঁর বক্তব্য, ‘‘বিভিন্ন খেলার বিশ্ব এবং এশীয় নিয়ামক সংস্থাগুলির ভাবা উচিত। দু’দেশের উত্তেজক সম্পর্কের কথা অজানা নয়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে নিরাপত্তা এবং অন্যান্য নিশ্চয়তা ছাড়া অংশগ্রহণ সম্ভব নয়।’’
আরও পড়ুন:
পহেলগাঁওয়ে পাক জঙ্গি হামলা এবং ভারতের পাল্টা অপারেশন সিঁদুরের পর দু’দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। রাজনৈতিক এবং কূটনৈতিক শীতল সম্পর্কের প্রভাব পড়েছে খেলার মাঠেও। কোনও খেলার ক্ষেত্রেই দু’দেশ পরস্পর দেশে দল পাঠাতে রাজি নয়। এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপও তা থেকে মুক্ত নয়।