গাড়ি চালিয়ে পথচারীর পা পিষে দেওয়ার পর ক্ষমা না চেয়ে হুমকি দিলেন এক তরুণী। স্বামীর পুলিশ পদের জোরে ধাক্কা মেরে উল্টে পথচারীকে ধমক দিতে দেখা গেল গাড়িচালক তরুণীকে। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে হরিয়ানায় সেক্টর ৬২-তে। গাড়িচালক তরুণী ও পথচারীর তর্কাতর্কি ও বচসার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
এক্স মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় পথচারী তরুণকে অভিযোগ করতে শোনা যায় রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তরুণী তাঁর গাড়ি দিয়ে তাঁর পায়ে ও পায়ের পাতায় আঘাত করেন। এই কথা শুনে গাড়িচালক তরুণী পথচারীর সঙ্গে তর্ক জুড়ে দেন। ভিডিয়োয় গাড়িটির নম্বরপ্লেটও দেখা গিয়েছে, যা দেখে বোঝা যায় যে গাড়িটি হরিয়ানার। অভিযোগকারী ঘটনাটির ভিডিয়ো করতে করতে তরুণীর সামনে চলে আসেন। তখনই দরজা খুলে ভিডিয়োধারী তরুণকে হুমকি দিতে থাকেন তিনি। বলেন, ‘‘স্বামী পুলিশে চাকরি করে। তুই রাস্তার মাঝখানে হাঁটছিস, তাই তোর ধাক্কা লাগল।” তরুণীর বক্তব্য শুনে ওই পথচারী তাঁকে জিজ্ঞাসা করেন, তাঁর গাড়িটি রাস্তার মাঝখানে পার্ক করা আছে, না কি তিনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছেন? তার পর তিনি ক্যামেরা ঘুরিয়ে দেখালেন যে, তরুণী গাড়িটি রাস্তার মাঝখানে না রেখে এক পাশে পার্ক করেছেন। অর্থাৎ তরুণ মাঝখান দিয়ে হাঁটছিলেন না, এক পাশ দিয়েই হাঁটছিলন।
ভিডিয়োটি এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত হওয়ার পর তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে তাঁর স্বামীর পেশার কথা উল্লেখ করার প্রয়োজন কী ছিল। এক নেটাগরিক লিখেছেন, “এটা চরম ঔদ্ধত্য। এক জনের পায়ে ধাক্কা লেগেছে, আর সাধারণ ভদ্রতার বদলে তিনি পুলিশি ক্ষমতা দেখাচ্ছেন।’’