Advertisement
E-Paper

মুম্বইয়ে তরুণী যাত্রীকে চড় অ্যাপক্যাব চালকের! বন্ধ করা হল অ্যাকাউন্টও, ভিডিয়ো ছড়াতেই ক্ষমা চাইল সংস্থা

শিবানী নামের এক তরুণী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়ো শেয়ার করে দাবি করেন কিছু দিন আগে তিনি মহালক্ষ্মী (মুম্বাই) থেকে নেরুল (নভি মুম্বই) যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলেন। টাকা মিটিয়ে দেওয়ার পরও ৪০ টাকা বাড়তি চান চালক। প্রতিবাদ করতেই জোটে হেনস্থা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১০:৩৬

ছবি: সংগৃহীত।

অ্যাপক্যাবে ৪০ টাকা বাড়তি ভাড়ার দাবি মানতে চাননি তরুণী। প্রতিবাদ করায় জুটল চড়। সমাজমাধ্যমে এসে এমনটাই দাবি করলেন তরুণী। তাঁর অভিযোগ, মাত্র ৪০ টাকা অতিরিক্ত ভাড়া নিয়ে বিতর্কের জেরে ক্যাবচালক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। মুম্বইয়ে অ্যাপ ক্যাবে চড়ার সেই দুর্বিষহ অভিজ্ঞতার কথা তিনি সমাজমাধ্যমে একটি ভিডিয়োয় প্রকাশ করেছেন। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

শিবানী নামের এক তরুণী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করেছেন। তাঁর দাবি, কিছু দিন আগে তিনি মহালক্ষ্মী (মুম্বাই) থেকে নেরুল (নভি মুম্বাই) যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলেন। যাত্রা শেষ হওয়ার পর অ্যাপে ভাড়া দেখানো হচ্ছিল ৫০১ টাকা। তিনি অনলাইনে টাকা মিটিয়ে দেন। অ্যাপেও রাইডটিও শেষ হওয়ার বার্তা দেখায়। এর পরও চালক তরুণীর থেকে অতিরিক্ত ৪০ টাকা দাবি করেন। যেহেতু এই বাড়তি টাকাটা অ্যাপে দেখানো হয়নি এবং রাইডটিও শেষ হয়ে গিয়েছিল, তাই সেই টাকা দিতে অস্বীকার করেন শিবানী। টাকা দিতে অস্বীকার করতেই চালক হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠেন। ভিতর থেকে গাড়িটি বন্ধ করার চেষ্টা করেন এবং তাঁকে হুমকি দিতে শুরু করেন। শিবানী কোনও রকমে গাড়ি থেকে বার হয়ে আসেন। অভিযুক্ত চালক তখনও তাঁর পথ আটকে রাখার চেষ্টা করেন।

তরুণী প্রতিবাদ করতেই চালক তাঁর খুব কাছে চলে আসেন। নিরাপত্তার জন্য শিবানী তাঁকে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দেন। এর পর চালকের বিরুদ্ধে শিবানীকে চড় মারার অভিযোগ ওঠে। এমনকি হাতও মুচড়ে দেন বলে অভিযোগ। কয়েক জন পথচারী এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তা সত্ত্বেও, চালক তর্ক চালিয়ে যান এবং তাঁর আচরণের জন্য অনুশোচনার লেশমাত্র ছিল না বলে শিবানীর দাবি। তাঁর অ্যাকাউন্টও সংস্থার পক্ষ থেকে ব্লক করে দেওয়া হয় বলে ভিডিয়োয় দাবি তুলেছেন তরুণী।

ঘটনাটি ভাইরাল হওয়ার পর অ্যাপ ক্যাব পরিষেবা সংস্থাটি সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে যে, যাত্রীদের নিরাপত্তাকেই তারা অগ্রাধিকার দিয়ে থাকে। তরুণীর সঙ্গে ঘটা অবাঞ্ছিত ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছে তারা। সংস্থা জানিয়েছে, নিয়ম অনুযায়ী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শিবানীর অ্যাকাউন্টটি পুনরায় চালু করা হয়েছে এবং প্রয়োজনে তাঁকে আরও সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে সংস্থা।

Uber Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy