Advertisement
E-Paper

‘হেঁইয়ো’ বলে যাত্রিবাহী ট্রেনে লোহার ভারী বাক্স তোলার মরিয়া চেষ্টা! বুদ্ধির বহর দেখে হেসে কুটিপাটি নেটপাড়া

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রিবাহী ট্রেনের দরজায় একটি বড় বাক্স ঠেলে তোলার চেষ্টা করছেন বেশ কয়েক জন। বাক্সটি এতটাই বড় যে কামরার দরজা দিয়ে সেটিকে ঢোকাতে বেশ কসরত করতে হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১২:০৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

যাত্রিবাহী ট্রেনের সাধারণ কামরায় এমন কিছু জিনিস পরিবহণ করা হয় যা দেখে অনেক ক্ষেত্রে চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার জোগাড় হয়। পণ্য পরিবহণের খরচ বাঁচাতে যাত্রিবাহী কামরাতেই তুলে দেওয়া হয় বিভিন্ন পণ্য। তেমনই একটি ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টেশনে দাঁড় করানো যাত্রিবাহী ট্রেনে একটি বড় এবং ভারী বাক্স তোলার চেষ্টা করছেন কয়েক জন। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রিবাহী ট্রেনের দরজায় একটি বড় বাক্স ঠেলে তোলার চেষ্টা করছেন বেশ কয়েক জন। বাক্সটি এতটাই বড় যে কামরার দরজা দিয়ে সেটিকে ঢোকাতে বেশ কসরত করতে হচ্ছে। মাঝে মাঝে বাক্সটিকে এ দিক-ও দিক ঘোরানোর চেষ্টাও চলছে। বেশ কয়েক জনকে একসঙ্গে বার বার ‘জগদ্দল পাথর’ সরানোর চেষ্টা করতে দেখা যায়। কিন্তু প্রতি বারই তাঁদের প্রচেষ্টা ব্যর্থ হয়। অনেক চেষ্টার পরেও বাক্সটিকে কামরায় ঢোকাতে ব্যর্থ হন তাঁরা। শেষমেশ এক মহিলা বাক্সটি মাথায় তুলে প্ল্যাটফর্মের দিকে বয়ে নিয়ে বেরিয়ে যান। এই দৃশ্যেই ভিডিয়োটি শেষ হয়।

‘রাজ়াগনস্টিক’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর বিস্মিত হয়েছেন নেটাগরিকেরা। যাত্রিবাহী ট্রেনের সাধারণ কামরায় কী ভাবে এত বড় পণ্য তোলা যায় তার নিয়মকানুন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘আমাদের দেশে এত মেধাবী মানুষ আছেন যে, তাঁরা একটা হাতিকেও ট্রেনে তুলে দিতে পারেন।’’ ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর মন্তব্য বিভাগে প্রতিক্রিয়ার ঝড় বয়ে গিয়েছে। সমাজমাধ্যম ব্যবহারকারীরা প্রচুর মজার মজার মন্তব্যও করেছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘আরে, অন্তত এটা তো ভাবা উচিত যে এটা একটা যাত্রিবাহী ট্রেন, মালগাড়ি নয়।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘চাইলে এঁরা ট্রেনের ছাদেও বাক্স বেঁধে দিতে পারে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy