Advertisement
E-Paper

পারিশ্রমিক, দৈনিক ভাতা পাচ্ছেন না পাকিস্তানের হকি খেলোয়াড়েরা, বিদেশি কোচের দাবি উড়িয়ে বৃদ্ধ প্রাক্তনকে দায়িত্ব!

প্রাক্তন অলিম্পিয়ান মনজ়ুরুল হাসানকে কোচ করা হয়েছে পাকিস্তানের জাতীয় হকি দলের। তাঁর যথেষ্ট বয়স হয়েছে। কানে ঠিক মতো শুনতে পান না। আধুনিক হকি সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৯:২৫
picture of Hockey

পাকিস্তানের হকি দল। ছবি: এক্স।

বেহাল দশা পাকিস্তান হকির। এফআইএইচ প্রো হকি লিগ খেলতে গিয়ে কয়েক মাস আগে অস্ট্রেলিয়ার হোটেলে বাসন মাজতে, ঘর পরিষ্কার করতে হয়েছিল পাক হকি খেলোয়াড়দের। তাঁদের অবস্থা আরও করুণ হয়েছে তার পর। এখন দৈনিক ভাতাও পাচ্ছেন না তাঁরা।

প্রবল অর্থাভাবে ধুঁকছে পাকিস্তান হকি ফেডারেশন। হকি কর্তারা সেরা ফলের আশা করলেও জাতীয় দলের খেলোয়াড়দের ন্যূনতম সুযোগ, সুবিধা দিতে পারছেন না। গত কয়েক মাস ধরে ম্যাচ ফি তো দূরের কথা, দৈনিক ভাতাও পাচ্ছেন না পাকিস্তানের হকি দলের খেলোয়াড়েরা। দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় চুক্তির টাকাও। হকি খেলোয়াড়দের দুর্দশার কথা প্রকাশিত হয়েছে পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে।

আগামী জুনে ভারত এবং ইংল্যান্ডের সঙ্গে প্রো লিগের ম্যাচ রয়েছে পাকিস্তানের। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় আটটি ম্যাচ খেলে আটটিতেই হেরেছে পাকিস্তান। পয়েন্ট তালিকায় সবচেয়ে নীচে রয়েছে তারা। এই পরিস্থিতিতে ভারত এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে প্রস্তুতি শিবির আয়োজনের দাবি জানিয়েছেন পাক হকি খেলোয়াড়েরা। কোচ হিসাবে তাঁরা চাইছেন এক সময় ভারতীয় দলের দায়িত্বে থাকা রোল্যান্ট অল্টম্যানসকে। কিন্তু পাকিস্তান হকি ফেডারেশন কর্তারা বিদেশি কোচ আনার কথা ভাবতেই পারছেন না। আর্থিক পরিস্থিতি এমনই যে, প্রস্তুতি শিবিরের খরচ চালানোও সম্ভব নয়। আপাতত প্রাক্তন অলিম্পিয়ান মনজ়ুরুল হাসানকে কোচ করে সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে।

খেলোয়াড়েরা ফেডারেশনের এই সিদ্ধান্তে হতাশ এবং ক্ষুব্ধ। পাক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, মনজ়ুরুল এক সময় অত্যন্ত দক্ষ খেলোয়াড় ছিলেন। তবে তাঁর এখন যথেষ্ট বয়স হয়েছে। কানে ঠিক মতো শুনতে পান না। আধুনিক হকি সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই। জাতীয় দলের খেলোয়াড়দের সম্পর্কেও কিছু জানেন না। নেই আধুনিক অনুশীলনের কোনও পরিকাঠামোও। এ ভাবে ভাল ফল আশা করা যায় না।

২০১৬ সালের পর ভারতের বিরুদ্ধে জিততে পারেনি পাকিস্তানের হকি দল। আগামী ২৩ এবং ২৬ জুন ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে উদ্বেগে রয়েছেন পাক খেলোয়াড়েরা। অস্ট্রেলিয়া সফরে তাঁদের ক্ষোভে প্রলেপ দিতে এগিয়ে এসেছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। এ বার এখনও পর্যন্ত তাঁরাও পাশে দাঁড়ানোর কথা বলেননি।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় এখন ইউরোপের বিভিন্ন দেশের লিগে খেলছেন। কয়েক জন খেলছেন হংকংয়ে। মে মাসে সকলের দেশে ফেরার কথা।

Pakistan Hockey Pakistan Hockey Federation Match Fee coach
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy