পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে ০-২ পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে জয়ের হ্যাটট্রিক করে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে ফেললেন এবি ডে’ভিলিয়ার্সরা।
সিরিজ ২-২, এই অবস্থায় এ দিন কেপটাউনে নির্ণায়ক ম্যাচে নেমেছিল দুই দেশ। ইংল্যান্ডের ২৩৭ রানের জবাবে অধিনায়ক এবি ডে’ভিলিয়ার্স ৯৭ বলে অপরাজিত ১০১ করে দলকে জিতিয়ে দেন। যার আগে এক সময় তাঁর টিম ২২-৩ হয়ে গিয়েছিল। প্রথমে হাসিম আমলা (৫৯) ও তার পরে ডেভিড ওয়াইসের (৪১ ন.আ.) সঙ্গে জুটি বেঁধে সিরিজ জেতান এবি। ইংল্যান্ডের অ্যালেক্স হেলের ১১২ শেষ পর্যন্ত কাজে এল না।
‘‘আমাদের পজিটিভ আর আগ্রাসী মনোভাব বেশির ভাগ সময়ই সাফল্য দিয়েছে। কিন্তু সিরিজ জিততে গেলে টিমের উচিত এবির থেকে শেখা। আশা করছি ওকে দেখে ছেলেরা কিছু শিখতে পেরেছে,’’ বক্তব্য ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিসের। আর ম্যাচের সেরা এবি বলেন, ‘‘গত এক মাস ছন্দ পাচ্ছিলাম না। এ ভাবে সিরিজ জিতে তাই দারুণ লাগছে।’’