Advertisement
E-Paper

ভারতীয় হকিতে নতুন বিতর্ক, এশিয়ান গেমস-বিশ্বকাপের দল নিয়ে দুই মেরুতে ক্রীড়া মন্ত্রক এবং কোচ! চাপে কর্তারা

সাধারণত অল্প দিনের ব্যবধানে কমনওয়লেথ গেমস এবং এশিয়ান গেমস হয়। কোনও কোনও বছর বিশ্বকাপও থাকে। সে ক্ষেত্রে খেলোয়াড়দের ক্লান্তি এবং চোট-আঘাতের সমস্যা গুরুত্বপূর্ণ হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৯:০৮
picture of Hockey

ভারতীয় হকি দল। —ফাইল চিত্র।

ভারতীয় হকিতে নতুন বিতর্ক। এক দিকে, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। অন্য দিকে, জাতীয় দলের কোচ ক্রেগ ফুলটন। তাঁর সঙ্গে রয়েছেন মহিলা দলের কোচ সিওয়ের্ড মারিজনে। এর মাঝে চাপে হকি ইন্ডিয়ার কর্তা। এ বছর পর পর রয়েছে এশিয়ান গেমস এবং বিশ্বকাপ। এই দুই প্রতিযোগিতার দল নিয়ে বিরোধী অবস্থানে সরকার এবং কোচেরা।

ভারতীয় দলের জন্য দু’টি প্রতিযোগিতাই গুরুত্বপূর্ণ। এশিয়ান গেমস চ্যাম্পিয়ন হলে পরের অলিম্পিক্সে সরাসরি খেলার সুযোগ পাবে শেষ দুই অলিম্পিক্সে পদকজয়ীরা। বিশ্বকাপেরও বাড়তি গুরুত্ব রয়েছে। কারণ এখনও পর্যন্ত এক বারই হকিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। দু’টি প্রতিযোগিতার জন্যই তরতাজা দল চাইছে ক্রীড়া মন্ত্রক। আলাদা দল গঠনের পরামর্শ দেওয়া হয়েছে হকি ইন্ডিয়াকে। জাতীয় দলের কোচ রাজি নন। তিনি উভয় প্রতিযোগিতাতেই সেরা দল মাঠে নামাতে চান।

১৫ থেকে ৩০ অগস্ট পর্যন্ত বেলজিয়ামে হবে বিশ্বকাপ। একই সঙ্গে হবে পুরুষ এবং মহিলাদের বিশ্বকাপ। কয়েক দিনের ব্যবধানে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানে এশিয়ান গেমস। ক্রীড়া মন্ত্রক এশিয়ান গেমসকে বেশি গুরুত্ব দিতে চাইছে। হকি ইন্ডিয়াকে পরামর্শ দেওয়া হয়েছে, আলাদা দল গঠনের জন্য। যাতে খেলোয়াড়েরা ক্লান্ত না থাকেন। তরতাজা ভাবে এশিয়ান গেমসে খেলতে পারেন। বিশ্বকাপের জন্যও আলাদা শক্তিশালী দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। পুরুষ এবং মহিলা— দু’বিভাগেই আলাদা দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisement

ক্রীড়া মন্ত্রকের এক কর্তা সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমাদের মতে দুটো আলাদা দল গঠন করা উচিত। সেটাই ঠিক হবে। এশিয়ান গেমসের দল আলাদা হওয়া উচিত। কারণ এটার সঙ্গে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন জড়িয়ে রয়েছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘হকি-সহ সব খেলার জাতীয় সংস্থাগুলিকেই দ্বিতীয় দল তৈরি করতে বলা হয়েছে। সেই দলটিকেও যথেষ্ট সংখ্যক প্রতিযোগিতায় খেলিয়ে প্রস্তুত হওয়ার এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যাতে ওই দলকেও যে কোনও সময় যে কোনও প্রতিযোগিতায় নামানো যায়। হকির ক্ষেত্রে খেলোয়াড়দের এমন কোনও তালিকা নেই, যা থেকে সহজে দুটো দল তৈরি করা যাবে। পুরুষ এবং মহিলা দু’বিভাগের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আমাদের উচিত ব্যস্ত সূচির কথা মাথায় রাখা।’’

এই প্রস্তাব পছন্দ হয়নি ফুলটনের। হকি ইন্ডিয়া সূত্রে খবর, তিনি কর্তাদের জানিয়েছেন, সেরা দল নিয়েই নামবেন। দুই প্রতিযোগিতার মাঝে দু’সপ্তাহের বেশি সময় রয়েছে। ক্লান্তির সমস্যা হবে না। ছোটখাটো চোট সারানোর যথেষ্ট সুযোগও থাকবে। তিনি এশিয়ান গেমস এবং বিশ্বকাপে সেরা দলের পক্ষেই সওয়াল করেছেন। ফুলটন কর্তাদের বলেছেন, সেরা ফল চাইলে সেরা দলই পাঠাতে হবে। না হলে ফলের দায় তিনি নেবেন না। ফুলটনের বক্তব্য সমর্থন করেছেন মহিলা দলের কোচ মারিজনে। তিনিও দুই প্রতিযোগিতাতেই সেরা দল পাঠানোর কথা বলেছেন।

মন্ত্রকের পরামর্শ প্রসঙ্গে হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিংহ সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘আমরা এশিয়ান গেমস এবং বিশ্বকাপ— দুই প্রতিযোগিতাতেই সেরা দল পাঠাতে চাই। আমরা এখনও কোনওটার জন্যই দল নির্বাচন করিনি। আমরা সম্ভাব্য সব দিক নিয়ে আলোচনা করছি।’’

ক্রীড়া মন্ত্রক এবং দুই জাতীয় দলের কোচের বিপরীত মত সমস্যায় ফেলেছে হকি কর্তাদের। সাধারণত অল্প দিনের ব্যবধানে কমনওয়লেথ গেমস এবং এশিয়ান গেমস হয়। কোনও কোনও বছর বিশ্বকাপও থাকে। সে ক্ষেত্রে খেলোয়াড়দের ক্লান্তি এবং চোট-আঘাতের সমস্যা গুরুত্বপূর্ণ হয়। আগামী ২৩ জুলাই থেকে ২ অগস্ট পর্যন্ত গ্লাসগোয় হবে কমনওয়েলথ গেমস। এ বারের কমনওয়েলথ গেমসে হকি হবে না। স্বভাবতই অন্য বারের মতো সূচির চাপ নেই।

Indian Hockey Team Hockey India Asian Games 2026 World Cup
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy