E-Paper

বিশ্বরেকর্ড ভেঙেই চলেছেন ডুপ্লান্টিস, মুগ্ধ বিশ্ব

প্রথমে ৫.৬৫ মিটার, ৫.৯০ মিটার এবং তার পরে ৬.০৮ মিটার লাফান ডুপ্লান্টিস। এর পরে ২৬ বছর বয়সি চ্যাম্পিয়ন বার তাঁর শেষ বিশ্বরেকর্ড গড়া উচ্চতার থেকে ১ সেমি বেশি রাখতে বলেন এবং পার করেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০৭:৩২
কিংবদন্তি: নিজের দেশে দ্বিতীয় বিশ্বরেকর্ড ডুপ্লান্টিসের।

কিংবদন্তি: নিজের দেশে দ্বিতীয় বিশ্বরেকর্ড ডুপ্লান্টিসের। —ফাইল চিত্র।

সুইডেনের পোলভল্টার আর্মান্দ ডুপ্লান্টিস ফের নিজেরই গড়া বিশ্বরেকর্ড ভাঙলেন ৬.৩১ মিটার লাফিয়ে। এই নিয়ে ১৫ বার। দু’বারের অলিম্পিক্স সোনাজয়ী এই নজির গড়েন নিজের দেশে আয়োজিত আইএফইউ এরিনায় মন্ডো ক্ল্যাসিক-এ। যা তাঁর নামে সুইডেনের একটি ইন্ডোরপোলভল্ট প্রতিযোগিতা।

প্রথমে ৫.৬৫ মিটার, ৫.৯০ মিটার এবং তার পরে ৬.০৮ মিটার লাফান ডুপ্লান্টিস। এর পরে ২৬ বছর বয়সি চ্যাম্পিয়ন বার তাঁর শেষ বিশ্বরেকর্ড গড়া উচ্চতার থেকে ১ সেমি বেশি রাখতে বলেন এবং পার করেন। এই নিয়ে দ্বিতীয় বার সুইডেনে বিশ্বরেকর্ড গড়লেন ডুপ্লান্টিস। গত বছর জুনে স্টকহোমে তিনি ৬.২৮ মিটার উচ্চতা পেরোন। ‘‘আপনাদের সামনে এ ভাবে বিশ্বরেকর্ড গড়তে পেরে আমি ভীষণ গর্বিত। আমি লাফাই নিজের জন্য, পরিবারের জন্য। তার সঙ্গে আপনারা, সুইডেন এবং যাঁরা আমায় সমর্থন করেন, তাঁদের জন্যও,’’ বিশ্বরেকর্ড গড়ে বলেন ডুপ্লান্টিস। যে ১৫ বার বিশ্বরেকর্ড ভেঙেছেন তাতে প্রত্যেকবারই তিনি অন্ততপক্ষে এক সেমি করে উচ্চতা বাড়িয়েছেন ডুপ্লান্টিস। সুইডিশ তারকার আগে এই বিশ্বরেকর্ড ছিল ফ্রান্সের রেনঁ লাভিলনি-এর। তিনি ২০১৪ সালে বিশ্বরেকর্ড গড়েছিলেন৬.১৬ মিটার লাফিয়ে।

অ্যাথলেটিক্স দুনিয়ায় ‘মন্ডো’ নামে পরিচিত ডুপ্লান্টিস ইতিমধ্যেই বিশ্বমঞ্চে জয় করার মতো প্রতিটি সোনা দখল করে ফেলেছেন। প্রথম তিনি রেনঁর বিশ্বরেকর্ড ভাঙেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে। আবারও তাঁর বিশ্বরেকর্ড ভাঙার পরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সমাজমাধ্যমে মুগ্ধতা প্রকাশ করেছেন। এক জন লিখেছেন, ‘‘তুমি সর্বকালের সেরা।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Armand Duplantis Sweden Pole Vault

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy