Advertisement
E-Paper

অভিযান শুরু কেকেআরের। দক্ষিণবঙ্গে একাধিক প্রচারসভায় মমতা-অভিষেক। আবহাওয়া। আর কী কী দিনভর নজরে

আইপিএলে আজ অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। শুরুতেই কঠিন ম্যাচ। খেলতে হবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। গত মরশুমে মুম্বই একেবারেই ভাল খেলতে পারেনি। তবু নিজেদের মাঠে মুম্বই সবসময়ই কঠিন প্রতিপক্ষ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ০৭:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আইপিএলে আজ অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। শুরুতেই কঠিন ম্যাচ। খেলতে হবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। গত মরশুমে মুম্বই একেবারেই ভাল খেলতে পারেনি। তবু নিজেদের মাঠে মুম্বই সবসময়ই কঠিন প্রতিপক্ষ। গত বার ওয়াংখেড়েতে মুম্বইয়ের কাছে উড়ে গিয়েছিল কেকেআর। অজিঙ্ক রাহানে-রিঙ্কু সিংহরা কি পারবেন হার্দিক পাণ্ড্য, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের হারাতে? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

জেলায় জেলায় প্রচারে তৃণমূলের জোরদার তৎপরতা দেখা যাচ্ছে। আসন্ন নির্বাচনের প্রাক্কালে আজ একাধিক জনসভায় ব্যস্ত থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী প্রথমে পুরুলিয়া জেলার মানবাজারে একটি প্রচারসভা করবেন। সেখান থেকে তিনি যাবেন বাঁকুড়া জেলার রাইপুরে, যেখানে দ্বিতীয় কর্মসূচি। দু’টি কর্মসূচি শেষ করে তিনি খড়্গপুরে পৌঁছে রাত্রিযাপন করবেন। অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক আজ দু’টি জনসভা করবেন। তাঁর প্রথম সভা মুর্শিদাবাদ জেলার নওদায় এবং দ্বিতীয়টি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে।

হিজ়বুল্লার পর এ বার পশ্চিম এশিয়ার সংঘর্ষে জড়াল ইরান সমর্থিত আরও এক সশস্ত্র গোষ্ঠী হুথি-ও। ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী ইজ়রায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ইরাকের ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ (পিএমএফ)-ও সংঘর্ষে নেমেছে। আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা নিয়ে আপাতত নতুন করে কোনও উচ্চবাচ্য হচ্ছে না। এ অবস্থায় যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে আজ।

আজ থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। তবে বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বৃষ্টি চলবে। আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবি এবং সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। মঙ্গলবার আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, কালিম্পঙে হতে পারে ভারী বৃষ্টি।

প্রতি মাসের শেষ রবিবার সম্প্রচারিত ‘মন কী বাত’ অনুষ্ঠান ঘিরে এ বার তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচির মাধ্যমে রেডিয়োতে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন। বর্তমানে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে জোরদার ভোটপ্রচার চলছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর বক্তব্যে নির্বাচনী বার্তা উঠে আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশেষত পশ্চিমবঙ্গের প্রসঙ্গ উঠে আসে কি না, তা নিয়েও কৌতূহল তুঙ্গে। যদিও সরকারি ভাবে ‘মন কী বাত’কে অরাজনৈতিক কর্মসূচি বলেই দাবি করা হয়, তবুও ভোটের আবহে এর তাৎপর্য নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

News of the Day IPL Kolkata Knight Riders West Bengal Assembly Election Mamata Banerjee US-Israel vs Iran Weather maan ki baat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy