ফিফা বিশ্বকাপের দল ঘোষণা করে দিল তিনটি দেশ। ফ্রান্স, বেলজিয়াম এবং জাপান এ দিন ২৫ জনের দল ঘোষণা করে দিয়েছে। বাকি দেশগুলিও ধীরে ধীরে দল ঘোষণা করবে। ১ জুনের মধ্যে সব দেশকে দল ঘোষণা করতে হবে।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ আক্রমণাত্মক দল নিয়ে বিশ্বকাপে নামছেন। গোলকিপার রবিন রিসারকে দলে নেওয়া হয়েছে। গত বছর ঘরোয়া লিগে ভাল খেলেছিলেন তিনি। কিলিয়ান এমবাপে, ওসমানে দেম্বেলে, দুই তরুণ ডিজ়ায়ার ডুয়ে, মাইকেল ওলিসে, রায়ান চেরকি, মাঘনেস আকলিউচেরা দলে সুযোগ পেয়েছেন।
গত বিশ্বকাপের ফাইনালে যিনি অল্পের জন্য নায়ক হতে পারেননি, সেই রান্ডাল কোলো মুয়ানি বাদ পড়েছেন। নেওয়া হয়েছে জাঁ ফিলিপ মাতেতাকে। এ ছাড়া বড় নামের বেশির ভাগই সুযোগ পেয়েছেন।
বেলজিয়াম দলে অনেক দিন বাদে সুযোগ পেয়েছেন রোমেলু লুকাকু। এক বছর খেলতে পারেননি তিনি। সম্প্রতি চোট সারিয়ে উঠেছেন। সঙ্গে দুই অভিজ্ঞ ফুটবলার থিবো কুর্তোয়া এবং কেভিন দ্য ব্রুইনকেও রাখা হয়েছে। তিন জনেই চতুর্থ বিশ্বকাপ খেলতে চলেছেন। তবে ১৭ বছরের বিস্ময় প্রতিভা নাথান ডে কাটকে দলে রাখেননি কোচ রুডি গার্সিয়া। সুযোগ পাননি অভিজ্ঞ লোইস ওপেন্দাও।
আরও পড়ুন:
জাপানের ফুটবলার কাওরু মিতোমা প্রিমিয়ার লিগে ব্রাইটনের হয়ে খেলেন। তবু বিশ্বকাপের দলে সুযোগ পাননি। তবে লিভারপুলের মিডফিল্ডার ওয়াতারু এন্দো এবং ইউতো নাগাতোমোকে নেওয়া হয়েছে। মোনাকোর তাকুমি মিনামিনোও বাদ পড়েছেন চোটের জন্য।