Advertisement
E-Paper

অভিযোগ থেকে মুক্ত সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা স্বার্থ সংঘাতের অভিযোগ খারিজ করে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড নিযুক্ত ‘অম্বুডসম্যান’ অবসরপ্রাপ্ত বিচারপতি এ পি শাহ। বুধবার তিনি তাঁর রায়ে জানিয়ে দিলেন, প্রাক্তন ভারত অধিনায়কের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের পক্ষে কোনও সঠিক যুক্তি নেই অভিযোগকারী নিরজ গুন্ডের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৫৩

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা স্বার্থ সংঘাতের অভিযোগ খারিজ করে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড নিযুক্ত ‘অম্বুডসম্যান’ অবসরপ্রাপ্ত বিচারপতি এ পি শাহ। বুধবার তিনি তাঁর রায়ে জানিয়ে দিলেন, প্রাক্তন ভারত অধিনায়কের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের পক্ষে কোনও সঠিক যুক্তি নেই অভিযোগকারী নিরজ গুন্ডের। সে জন্যই তাঁর এই অভিযোগ খারিজ করে দেওয়া হল। রাতে সৌরভের সঙ্গে যোগাযোগ করা তিনি বলেন, ‘‘আমি এ রকমই আশা করেছিলাম। কারণ, আমি বিডিং প্রক্রিয়ায় কোনও ভাবেই যুক্ত ছিলাম না। তা হলে কী ভাবে এই অভিযোগ ওঠে?’’

গুন্ডে গত মাসে বিচারপতি শাহের কাছে অভিযোগ করেন, আইএসএলের দল আটলেটিকো দে কলকাতার মালিকানা যাদের কাছে, সেই কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেডের অন্যতম মালিক সৌরভ। এই সংস্থার সিংহভাগ মালিকানা আরপি গোয়েন্কা গ্রুপের। যারা ‘বিড’ করে আইপিএলের পুণে ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে। সৌরভ যেহেতু আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য এবং আরপি গোয়েন্কা গ্রুপের সঙ্গেও তাঁর ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, তাই তাঁর ক্ষেত্রে স্বার্থের সংঘাত ঘটছে বলে অভিযোগ ওঠে।

এই অভিযোগ পেয়ে সৌরভ এবং বোর্ডের কাছে আলাদা ব্যাখ্যা চান বিচারপতি শাহ। বুধবার বোর্ড সূত্রে জানা গিয়েছে, তাঁদের ব্যাখ্যা ও অভিযোগকারীর পাল্টা ব্যাখ্যা পাওয়ার পর বিচারপতি এই সিদ্ধান্ত নেন যে, সৌরভ আইপিএল কাউন্সিলের সদস্য হলেও নতুন ফ্র্যাঞ্চাইজির বিডিং প্রক্রিয়ায় তাঁর কোনও ভূমিকা ছিল না। পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী দরপত্রগুলি বিডার ও সব পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে খোলা হয় এবং তার বিশ্লেষণ করে ন্যূনতম বিডকে যোগ্য বলে ঘোষণা করা হয়। এ ক্ষেত্রে সৌরভের কোনও ভূমিকাই ছিল না বলে বিচারপতি শাহকে বিসিসিআই জানায়। সৌরভ ও বোর্ডের এই জবানবন্দির ভিত্তিতেই সৌরভকে অভিযোগ থেকে মুক্তি দেন বিচারপতি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy